নগর উন্নয়নে যোগ হয়েছে বাঁশের বেড়া

রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হলো আজ ১৮ সেপ্টেম্বর। এই এক বছরের মধ্যে তিনি দেখার মতো কোনো কাজ করতে পারেননি বলে মনে করেন নগরবাসীর অনেকে। দৃশ্যমান উন্নয়ন বলতে শহর রক্ষা বাঁধের ঢালের একাংশে ফুলবাগান করার জন্য বাঁশের বাতার বেড়া হচ্ছে। তাও শেষ হয়নি। ফুলগাছ লাগানোও শুরু হয়নি।
নির্বাচনের আগে গত বছরের ২৮ মে নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ২০ দফার প্রতিশ্রুতিতে মোসাদ্দেক হোসেন বলেন, রাজশাহী নগরবাসীর পানির সমস্যা সমাধানে ওয়াসাকে আধুনিক ও শক্তিশালী করা হবে। প্রধান সড়কসহ সব ক্ষেত্রে আলোকায়ন করা হবে। বেকারদের কর্মসংস্থানের জন্য রাজশাহীতে কৃষিভিত্তি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইজিজেড) স্থাপন করা হবে। একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প হবে। আইটি ভিলেজ স্থাপন করা হবে। ১৫টি উন্নয়নমূলক প্রতিশ্রুতি ছিল, যার একটিও বাস্তবায়ন হয়নি।
সিটি করপোরেশন থেকে জানা গেছে, যে কয়টি প্রকল্পের কাজ চলছে তা আগের মেয়রের সময়ের চলমান প্রকল্প। বর্তমান মেয়রের সময়ে অনুমোদিত কোনো প্রকল্পের কাজই শুরু করা সম্ভব হয়নি। নগরের শেখের চক এলাকা থেকে তালাইমারী শহীদ মিনার পর্যন্ত শহর রক্ষা বাঁধের উত্তর পাশের ঢালে বাঁশের বাতা দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। এর মধ্যে ফুলগাছ লাগানো হবে।
অভিযোগ উঠেছে, এই বেড়া দেওয়া ও ফুলবাগানের কাজটি করছেন মেয়রের ব্যক্তিগত সহকারী বিপ্লব। কোনো দরপত্র ছাড়াই মেয়র বিপ্লবকে দিয়ে কাজটি করাচ্ছেন।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, বেড়া দেওয়ার কাজটি সরকারি কোনো বরাদ্দ থেকে করা হচ্ছে না। মেয়র নিজ উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে নগরের সৌন্দর্য বর্ধনের জন্য এ কাজটি করছেন। এর মধ্যে গাছ লাগানোর জন্য লাখ দুয়েক টাকা সিটি করপোরেশনের ‘মেইক রাজশাহী গ্রিন’ প্রকল্পের। সেই প্রকল্পের টাকা সরকারি নয়। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সিটি করপোরেশনকে এই টাকা দেয়। তিনি বলেন, ‘কাজটি সিটি করপোরেশনই করছে। বিপ্লবকে সিটি করপোরেশনেরই লোক বলতে হবে।’
স্থানীয় লোকজন অভিযোগ করছেন, বাঁধের দক্ষিণ পাশে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ফুলবাগানোর বেড়া দেওয়ার কারণে তাঁরা সাইকেল ও মোটরসাইকেল নিয়ে বাড়িতে যেতে পারেন না।
মেয়র মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে জানান, বিভিন্ন খাতে আগের আমলের ঋণ রয়েছে ৪২ কোটি টাকা। এর মধ্যে পাওয়া গেছে মাত্র ছয় কোটি টাকা। সরকার প্রতিবছর এই নগরের জন্য ১২ কোটি টাকা থোক বরাদ্দ দেয়। কিন্তু এবার তা কমিয়ে আট কোটি টাকা করা হয়েছে। এ ছাড়া ২০ কোটি টাকা অতিরিক্ত হিসাবে বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে না। ফলে যা হওয়ার তাই হয়েছে।
সাবেক মেয়র খায়রুজ্জামান বলেন, ‘উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেটি বজায় রাখতে হবে। আমি সাড়ে আট শ কোটি টাকা বরাদ্দ পেয়েছিলাম, সাড়ে তিন শ কোটি খরচ হয়েছিল, বাকিটা আসবে। এগুলো আনার ব্যাপারে উদ্যোগের ঘাটতি আছে। আমি ঢাকায় গিয়ে সাত কোটি টাকার বরাদ্দ পেয়েছি। অর্থমন্ত্রীর থোক বরাদ্দ থেকে নয় কোটি টাকা পাওয়া গেছে। মেয়র এসব ব্যাপারে আমার সহযোগিতা চান কি না তার ওপর অনেক কিছু নির্ভর করে।’