নগর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে ‘চট্টগ্রাম পৌরসভার ১৫০ বছর’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা দল-মতনির্বিশেষে সবাইকে নগরের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেন, রাজনীতি থাকবে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু নগরের উন্নয়নে সবাইকে সততা নিয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার দুপুরে নগরের কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে দেড় শ বছর পূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন সাংসদ হাছিনা মান্নান, সাংসদ মেহজাবিন মোরশেদ ও নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

মন্ত্রী আফছারুল আমীন বলেন, নগরের কোনো কোনো এলাকা এখনো পানিতে ডুবে থাকে। সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প অনুমোদন করানোর জন্য দৌড়ঝাঁপ করতে হবে। পাশাপাশি রাজস্ব আদায়ের মাধ্যমে উন্নয়নকাজ এগিয়ে নিতে হবে। সদ্য সমাপ্ত চার সিটি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ ছিল না দাবি করে মন্ত্রী বলেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে। সরকার হস্তক্ষেপ করেনি। ২০১০ সালে এ সিটি করপোরেশনের নির্বাচন স্বচ্ছ হয়েছিল, তার জ্বলন্ত উদাহরণ বর্তমান মেয়র।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের কাজের মান সবচেয়ে খারাপ। এ দিকটায় নজর দিতে হবে। ঠিকাদারদের দৌরাত্ম্য কমাতে হবে। সিটি মেয়র মন্জুর আলম বলেন, ‘গত ২২ বছরে আমরা মাত্র ৯১৫ কোটি টাকা অনুদান পেয়েছি। অর্থ ও উদ্যোগের অভাবে ‘৯৫-এর মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। আমরা নগরের জলাবদ্ধতা উন্নয়নে কাজ করে যাচ্ছি। যারাই সরকারে থাকুক না কেন এসব কাজে সবার সহযোগিতা আমরা চাই।’ সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির আহ্বান জানিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। বর্তমান মেয়র বিএনপি করেন। তিনিও আমাদের দলে ছিলেন। দল বড় কথা নয়, শহরের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। নগরের আয়তন ৬০ বর্গমাইল থেকে বেড়ে ১২০ বর্গমাইল সীমানার গেজেট হয়ে গেছে। এটি বাস্তবায়ন করতে হবে।’ দেড় শ বছর পূর্তিতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনার ডব্লিউএ সরথ কে ওয়েরগদা, ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান ওয়ারিন্তা আতমাদজা, ফিলিপাইন এমবাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ নূরদিন পেনডোসিনা এন লোমোনডট, কনস্যুলার জেনারেল অব দ্য রাশিয়ান ফেডারেশনের সেক্রেটারি রেফারেন্ট আদিয়া এম আদিয়া এম আবুবাকিরবা এবং ইউএস এমবাসির ইকোনমিক অফিসার লিন্ডসে সেউ। অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব মো. শামসুদ্দোহা, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, প্যানেল মেয়র মো. হোসেন প্রমুখ বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিন দিনব্যাপী পৌরসভার দেড় শ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।