নগর উন্নয়নে মন্ত্রী-সাংসদদের 'প্রমোদভ্রমণ'
রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার জন্য অভিজ্ঞতা অর্জনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অর্থায়নে গত ছয় বছরে একজন করে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মোট ১৪ জন সাংসদ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
তবে নগরায়ণ কিংবা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার না দিয়ে আইনপ্রণেতাদের বিদেশভ্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এসব সফরের মধ্য দিয়ে সাংসদদের অর্জিত অভিজ্ঞতার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁরা।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ প্রতিবেদন অনুসারে বিশ্বে বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন দ্বিতীয়। কয়েক বছর ধরেই এই অবস্থান এক-দুয়ের মধ্যে ওঠানামা করছে।
রাজউকের কর্মকর্তারা বলছেন, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে মন্ত্রী-সাংসদেরা মোট ২২ বার সফর করেছেন। এর মধ্যে ১১টি সফরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের বাজেট থেকে খরচ হয়েছে দুই কোটি টাকার বেশি। বাকি সফরগুলোতে কী পরিমাণ অর্থ খরচ হয়েছে, এর কোনো হিসাব দিতে পারেননি তাঁরা। এই সফরগুলোর ব্যয় নির্বাহ হয়েছে রাজউকের নিজস্ব তহবিল থেকে।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যেকোনো প্রকল্পের নামে বিদেশভ্রমণের বিষয়টি আমাদের দেশে একধরনের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এত ভ্রমণ হলো, কিন্তু নতুন কিছু তো দেখলাম না। সব তো পুরোনো ধাঁচেই চলছে।’ তাঁর মতে, মন্ত্রী-সাংসদেরা দূরের যেসব উন্নত দেশে গেছেন, পরিকল্পিত নগরায়ণে ওই দেশগুলোর কৌশল কিংবা নির্মাণপ্রক্রিয়া বাংলাদেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাই এসব অভিজ্ঞতা কাজের লাগার কথা নয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (ডিআইটি) সাবেক ট্রাস্টি সদস্য এম হাফিজউদ্দিন খান এসব সফরকে ‘প্রমোদভ্রমণ’ হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রের অর্থ অপচয় করে ‘অহেতুক’ এই ভ্রমণের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় পরিকল্পিত নগরায়ণবিষয়ক অনেক গবেষণা আছে। সেগুলো মূল্যায়ন কিংবা বাস্তবায়নের পথে না গিয়ে কেবল ইউরোপ, আমেরিকা ভ্রমণের কোনো অর্থ হয় না। আর এ বিষয়ে আইনপ্রণেতাদের কতটুকুই বা করার থাকতে পারে? তবে প্রয়োজন হলে এসব পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে এ ধরনের ভ্রমণের সঙ্গে যুক্ত করা যেত।
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, এসব কারিগরি সফরে সাংসদদের যুক্ত করার একটাই উদ্দেশ্য থাকে, তাঁরা যেন তাঁদের অর্জিত অভিজ্ঞতার আলোকে পরিকল্পিত নগরায়ণে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট মতামত সংসদে তুলে ধরতে পারেন।
তবে সফর থেকে ফেরার পর সাংসদদের এমন কোনো সুপারিশ কিংবা তার বাস্তবায়ন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পায়নি রাজউক।
এ বিষয়ে রাজউকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, মন্ত্রী-সাংসদেরা সফরসঙ্গী হলে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি দূতাবাসসহ অন্যান্য জায়গায় মূল্যায়ন বেশি পাওয়া যায়। এ ছাড়া সফরসঙ্গী হওয়ার ব্যাপারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দিক থেকেও একটা চাপ থাকে।
গত বছরের ৫ মে সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এটির সদস্যরা ‘অভিজ্ঞতা অর্জনের জন্য’ রাজউকের কারিগরি সফরে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিটির সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।
রাজউকের নথি থেকে জানা যায়, সাবেক পূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্প ও রাজউকের অর্থায়নে ১২টি দেশে মোট ৬০ দিন ভ্রমণ করেছেন। তাঁর সফর করা দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, জার্মানি, ভারত, ইতালি, জর্ডান, কেনিয়া ও ইন্দোনেশিয়া।
এদিকে ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে এ-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তখনকার সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং ওই কমিটির সদস্যরা প্রত্যেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ২৮ দিন ভ্রমণ করেছেন। তাঁদের এই সফরগুলোর ব্যয় মেটানো হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অর্থ থেকে।
সফর থেকে ফিরে আসার পর পরিকল্পিত নগরায়ণের জন্য করণীয় সম্পর্কে কোনো সুপারিশ তৈরি করা হয়েছিল কি না, জানতে চাইলে ফজলে করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিভিন্ন রকমের সুপারিশ করা হয়েছিল। এ সম্পর্কে তখনকার পূর্তসচিব ভালো বলতে পারবেন। তাঁদের করা সুপারিশ কতটুকু বাস্তবায়িত হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বাস্তবায়নের ব্যাপারটা তো সময়সাপেক্ষ। বর্তমানে এই কমিটির প্রায় আড়াই বছর হয়ে গেছে। তাঁরা কিছু করেছেন কি না, তিনি জানেন না।
সর্বশেষ ২০১৫ সালে পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং বর্তমান স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম, সদস্য আবু সালেহ মো. সাঈদ ও নূরজাহান বেগম রাজউকের নিজস্ব অর্থায়নে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেন।
সফর শেষে সুপারিশের বিষয়ে নূরজাহান বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি তো একা সফর করিনি। আমার সঙ্গে মন্ত্রী, স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন। তাঁরা থাকতে আমি তো কিছু বলতে পারি না। আমি তো সর্বকনিষ্ঠ। কিছু সুপারিশ করা হলে তাঁরাই বলতে পারবেন।’