নগর উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক বাংলাদেশের ২৬টি পৌরসভা ও সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট।
গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সমেঞ্চলন কক্ষে কাউন্সিলর, সিটি করপোরেশনের কর্তকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জোহানেস জাট এ আশ্বাস দেন। এ সময় সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের স্থানীয় সরকারবিষয়ক কর্মকর্তা জাহিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র আইভী নারায়ণগঞ্জকে আধুনিক নগরে পরিণত করতে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু এবং শিশুদের জন্য পার্ক তৈরিতে বিশ্বব্যাংকের সহায়তা চান।
জোহানেস জাট বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বেশি প্রয়োজন। প্রতিটি পৌরসভা ও সিটি করপোরেশনের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তা না হলে পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন সম্ভব নয়।