চট্টগ্রাম নগর ও জেলায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হচ্ছে ১ লাখ ৫০ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ৬৮০ ও নারী ৭০ হাজার ৮৭১ জন। এ ছাড়া আগের তালিকা থেকে ৪৫ হাজার ৫৬৯ জন মৃত ভোটার বাদ পড়বেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের চূড়ান্ত তথ্য-সংগ্রহের পর চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় গতকাল বৃহস্পতিবার দুপুরে এই পরিসংখ্যান প্রকাশ করে।
নগর ও জেলায় বর্তমান ভোটার ৫৫ লাখ ১ হাজার ২৮৪। এর মধ্যে পুরুষ ২৮ লাখ ৪৬ হাজার ১১৬ ও নারী ২৬ লাখ ৫৫ হাজার ১৬৮ জন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত নির্বাচন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মাঠকর্মীরা বাড়িতে গিয়ে নতুন ভোটার ও মৃত ব্যক্তিদের তথ্য-সংগ্রহ করেন। গতকাল খসড়া প্রস্তুত করে নির্বাচন কমিশনে পাঠানো হয়। নগর ও চট্টগ্রামসহ পাঁচ জেলায় মোট ২ লাখ ৩৪ হাজার ৯৭৭ জন নতুন ভোটারের ফরম পূরণ করেছেন। বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন মৃত ৭৮ হাজার ৯ জন। ঠিকানা পরিবর্তন করেছেন প্রায় ৮ হাজার ভোটার।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান প্রথম আলোকে বলেন, নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ২০ আগস্ট থেকে ৫ নভেম্বর পর্যন্ত ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া শুরু হবে। জেলার মধ্যে ইউনিয়ন পরিষদ ও উপজেলা কার্যালয় এবং নগরের মধ্যে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় বা সুবিধাজনক শিক্ষাপ্রতিষ্ঠানে ছবি তোলাসহ নিবন্ধন কাজ চলবে। আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এবার চট্টগ্রাম নগরে ২৬ হাজার ৬৪৩ জন পুরুষ এবং ২১ হাজার ৪৪৪ জন নারী নতুন ভোটার হওয়ার ফরম পূরণ করেছেন। অর্থাৎ নগরে ভোটার বাড়ছে ৪৮ হাজার ৮৭ জন। আর মৃত ভোটার বাদ পড়ছেন ৩ হাজার ৫২৯ জন। একইভাবে চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ৫৩ হাজার ৩৭ জন পুরুষ এবং ৪৯ হাজার ৪২৭ জন নারী ভোটার হওয়ার ফরম পূরণ করেছেন। জেলায় মৃত ভোটার বাদ পড়ছেন ৪২ হাজার ৪০ জন। ২০০০ সালের ১ জানুয়ারি কিংবা এর আগে যাঁদের জন্ম হয়েছে তাঁরা কেবল হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন।
এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলার সময় তথ্য-সংগ্রহকারীদের বিরুদ্ধে বিভিন্ন বাড়িতে না যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে অনেকেই ভোটার ফরম পূরণ করার সুযোগ পাননি।
নগরের আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা সৈয়দ মোহাম্মদ ইয়াসিন প্রথম আলোকে বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করার খবর আমরা পেয়েছিলাম। কিন্তু আমার বাড়িতে তথ্য-সংগ্রহকারীকে আসতে দেখিনি।’
আন্দরকিল্লা ওয়ার্ডেও কিছু জায়গায় তথ্য-সংগ্রহকারীরা যাননি বলে ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী কাছে অভিযোগ করেছেন অনেকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে ওয়ার্ডের ৫২-৫৩ জন অভিযোগ করেন। আমি তথ্য-সংগ্রহকারীদের খুঁজে বের করে তাঁদের কাছে ভোটার হতে আগ্রহী তরুণ-তরুণীদের পাঠিয়েছি। প্রায় সবাই পরে ভোটার ফরম পূরণ করেছেন।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান প্রথম আলোকে বলেন, ‘ভোটার ফরম পূরণের জন্য আমরা মাইকিং করার ব্যবস্থা করেছি। সম্পৃক্ত করেছি মসজিদের ইমামদের। কেউ বাদ পড়লে ২০ আগস্ট থেকে সংশ্লিষ্ট ভোটার নিবন্ধনকেন্দ্রে তাৎক্ষণিক ভোটার হওয়া যাবে। এ জন্য উপযুক্ত প্রমাণ ও নথিপত্র নিয়ে যেতে হবে। তবে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান এলাকায় উপযুক্ত প্রমাণপত্র ছাড়াও জমির দলিল দেখাতে হবে। কারণ এসব এলাকায় রোহিঙ্গাদের বসবাস রয়েছে।’