নগর দরিদ্রদের ৭০-৯০ শতাংশই জানে না তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে কি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নগর দরিদ্রদের ৭০ থেকে ৯০ শতাংশই জানে না তারা উচ্চ রক্তচাপ, ডায়বেটিস বা হৃদরোগের মতো অসংক্রামক রোগ আছে কি না। এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিলন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ গবেষণা উপস্থাপন করা হয়। জাপানের নাগয়া বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ, জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন ইনস্টিটিউট ও হাসপাতাল এবং এনভায়রনমেন্ট ও পপুলেশন রিসার্চ সেন্টার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করে।

শহুরে দরিদ্র মানুষের মধ্যে অসংক্রামক রোগ এবং সামাজিক ঝুঁকির প্রকোপ বুঝতে ২০১৪ থেকে ২০১৬ সালে রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধে দরিদ্র জনগোষ্ঠীর ৮ হাজার ৬০৪টি পরিবারের ওপর এই জরিপটি করা হয়েছিল।

গবেষণাটি বলছে, শহুরে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অসংক্রামক রোগের ঝুঁকি বেশি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তামাকের ব্যবহার, অতিরিক্ত ওজন ও কম ওজনের প্রভাব তাদের মধ্যে লক্ষণীয়, যা তাদের জন্য বাড়তি বোঝা।

৩৪ হাজার ১৭০ জনের ওপর করা এই গবেষণাটিতে নারীর সংখ্যা ছিল ১৭ হাজার ১২৯ জন। গবেষণাটি বলছে, তাদের মধ্যে ৭০ থেকে ৯০ শতাংশ জানে না যে তাদের উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, হৃদরোগ আছে কি না। অথচ এদের মধ্যে ১৮ দশমিক ৬ শতাংশ পুরুষের ও ২০ দশমিক ৬ শতাংশ নারীর উচ্চ রক্তচাপ এবং ১৫ দশমিক ৩ শতাংশ পুরুষের ও ২২ দশমিক ২ শতাংশ নারীর ডায়াবেটিস আছে।

গবেষণাটি আরও বলছে, জরিপে অংশ নেওয়া শহুরে দরিদ্র জনগোষ্ঠীর ৬০ শতাংশ পুরুষ ও ২২ শতাংশ নারী তামাকে আসক্ত। এ গবেষণা মহামারি-সংক্রান্ত উপাত্তের একটি ভিত্তি তৈরি করে দিচ্ছে, যাতে করে দেশের নীতিনির্ধারকেরা অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে পারেন।