নগর দারিদ্র্য জটিল সমাধানে দরকার পৃথক কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নগর দারিদ্র্য নিয়ে সম্মেলনের সমাপনী অধিবেশনে বলা হয়েছে, নগর দারিদ্র্য দৃষ্টির আড়ালে থাকে। নগর দারিদ্র্যের চরিত্র জটিল। সনাতন নগর প্রশাসন ও প্রতিষ্ঠান এই দারিদ্র্য দূর করতে পারছে না। এ জন্য দরকার পৃথক কৌশল। পাশাপাশি এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে।
নগর দারিদ্র্য নিয়ে সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল রোববার সমাপনী অধিবেশনে প্যানেল আলোচকেরা এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে ‘আরবান পভার্টি: এ রিসার্চ অ্যান্ড সলিউশান কনফারেন্স’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলন বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। সম্মেলন আয়োজনে সহায়তা করেছে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ও ওয়াটার এইড, বাংলাদেশ।
সম্মেলনের সমাপনী অধিবেশনের চেয়ার ও পিপিআরসির নির্বাহী চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান বলেন, নগরের দরিদ্র জনগোষ্ঠী গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর চেয়েও বেশি প্রান্তিক। নগরে এই দারিদ্র্য দৃশ্যমান নয়। পরিসংখ্যানে, সরকারি নীতিতে ও সামাজিকভাবে নগর দারিদ্র্য তুলনামূলকভাবে অনুপস্থিত। তিনি বলেন, সম্মেলনের বিভিন্ন অধিবেশনে নগর পরিবহন, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বিষয়ে করা সুপারিশ নিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে পরিকল্পনামন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা হবে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা বলেন, নগর দারিদ্র্য সঠিকভাবে পরিমাপ করা হয় না। নগরের ব্যক্তির উপার্জন সার্বিকভাবে ভালো থাকার যে ইঙ্গিত দেয়, তা সঠিক নয়।
যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড প্লানিংয়ের গবেষক আদনান মোর্শেদ ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বস্তির অবস্থান তুলে ধরে বলেন, ‘নগরের দরিদ্ররা সারা নগরে ছড়িয়ে থাকে। এক জায়গায় থাকে না বলে চোখে পড়ে না।’ গুলিস্তানের সবজিবাজার ও গ্রামের একটি হাটের ছবি পাশাপাশি দেখিয়ে তিনি বলেন, ‘এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। গ্রামের মানসিকতা রয়ে গেছে বলেই এটা সম্ভব হয়েছে।’ এই নগর পরিকল্পনাবিদ রাজউকের প্লট বরাদ্দের সমালোচনা করে বলেন, হাজার হাজার প্লটের উদ্যোগ মহানগরের পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, কোনো কমিউনিটি তৈরি হচ্ছে না।
প্যানেল আলোচনায় ব্র্যাকের আরবান ইনোভেশন ফোরামের প্রধান আসিফ সালেহ বলেন, নগর দারিদ্র্য দূর করার লক্ষ্যে উদ্ভাবনী পন্থা বের করার চেষ্টা করছে ব্র্যাক। উদাহরণ হিসেবে তিনি বলেন, নগরে আসা দরিদ্র মানুষের পরিচিতির চেষ্টা চলছে। পরিবহন, স্বাস্থ্য ও অসংগঠিত খাতের কর্মীদের জন্য নতুন কর্মসূচি আগামী মাসে শুরু করবে ব্র্যাক।
দুই দিনের সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অধিবেশন ছাড়াও বিষয়ভিত্তিক সাতটি পৃথক অধিবেশন হয়। বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউনিসেফ, ফাও-এর প্রতিনিধিরা ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবিসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব অধিবেশনে বক্তব্য উপস্থাপন করেন।