নগর দারিদ্র্য মোকাবিলায় চাই ভাসমান মানুষের জন্য পৃথক কর্মসূচি
নগর দারিদ্র্য পল্লি দারিদ্র্যের চেয়ে তীব্র। তাই এটা মোকাবিলা করা সহজ নয়। আর এর সঙ্গে আছে পুনর্বাসন ছাড়াই নির্বিচারে বস্তি উচ্ছেদ, নোংরা রাজনীতির চ্যালেঞ্জ। এ অবস্থায় নগর দারিদ্র্য মোকাবিলা করতে হলে ভাসমান মানুষদের নিয়ে পৃথক কর্মসূচি নিতে হবে।
রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আজ রোববার এক কর্মশালায় আলোচক এবং অংশগ্রহণকারীদের বক্তব্যে এ রকম মতামত উঠে এসেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের একটি প্রকল্পের সমাপনী উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। নগর দারিদ্র্য মোকাবিলার লক্ষ্য নিয়ে ২০০৯-১৬ পর্যন্ত ‘ডিএসকে-সিড়ি’ নামে এ প্রকল্পটি নগরের ৩০ হাজার অতিদরিদ্র পরিবারের ওপর বাস্তবায়িত হয়।
কর্মশালায় প্রকল্পের ওপর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ বিনায়ক সেন। এতে তিনি প্রকল্প শুরুর আগে ও পরে ঢাকার কয়েকটি বস্তি এলাকায় অতি দারিদ্র্যের হার পরিবর্তনের চিত্র তথ্য-উপাত্ত দিয়ে বিশ্লেষণ করেন। এ সময় বিনায়ক সেন বলেন, ‘আমরা দারিদ্র্য মূল্যায়ন করি কেবল খাদ্য গ্রহণের নিরিখে। কিন্তু গুণগত শিক্ষা, পুষ্টি, বাসস্থান ও নিরাপদ পরিবহনের ব্যবস্থা দরিদ্র মানুষের কাছে হাজির করাটা আগামী দিনের চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘আমরা কেবল মধ্য আয়ের দেশ নই, মধ্যবিত্তের দেশে পরিণত হতে চাই।’
বিনায়ক সেনের গবেষণাপত্রের ওপর আলোচনা করেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মফিজুল ইসলাম। তিনি যেসব প্রতিষ্ঠান নগরের দরিদ্র মানুষদের নিয়ে কাজ করছে, তারা ঠিকমতো উপকারভোগী চিহ্নিত করতে পারছে কি না, সেই প্রশ্ন তোলেন। কারণ, নগরের দরিদ্র মানুষের বড় একটা অংশ ভাসমান। তিনি যেকোনো উপায়ে হোক, রিকশাওয়ালা, পোশাকশ্রমিক, ভিক্ষুকদেরও এসব প্রকল্পে সম্পৃক্ত করার আহ্বান জানান।
প্রশ্নোত্তর পর্বের পর প্রধান অতিথির বক্তব্যে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার নগর দারিদ্র্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে ‘ক্ষুদ্রঋণ’, ‘উপকারভোগী’—এসব শব্দ ব্যবহার না করার পরামর্শ দেন।
কর্মশালায় গুলশানের কড়াইল বস্তি থেকে আসা নারী সিতারা বেগম বক্তব্য দেন। বরগুনার পায়রা নদীর ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি হারিয়ে ২৫ বছর আগে ঢাকায় এসে বস্তিতে আশ্রয় নেওয়ার গল্প শোনান তিনি। এখন তাঁরা বস্তিতে পানি পাচ্ছেন এবং নিয়মিত বিল পরিশোধ করছেন জানিয়ে বৈধভাবে বিদ্যুৎ ও গ্যাসের সুবিধাও দেওয়ার দাবি জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট মাহফুজা খানম। আরও বক্তব্য দেন কেন্দ্রের প্রধান নির্বাহী মাসুদুল কাদের। কর্মশালায় প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তা এবং প্রকল্পকালে গঠিত বিভিন্ন সমিতির সভাপতি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।