নগর পরিকল্পনা ও নকশায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ
দেশে মোট জনসংখ্যার প্রায় ২ কোটি ৪৫ লাখ ব্যক্তি প্রতিবন্ধী। তাই নগর পরিকল্পনা ও নকশায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা এখনই দরকার। এই পরিকল্পনা ও নকশা প্রতিবন্ধী ব্যক্তির পাশাপাশি বৃদ্ধদের ক্ষেত্রেও সহায়ক হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টে (ডব্লিউবিবি ট্রাস্ট) কৈবর্ত সভাকক্ষে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ‘ইউনিভার্সেল এক্সেসেবল ডিজাইন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ডব্লিউবিবি ট্রাস্ট।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টসের (ইউআইএ) পরিচালক জোসেফ কোয়ান। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য জাতিসংঘের (ইউএন) কনভেনশনে স্বাক্ষর ও অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না। কাজেই সবার জন্য বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিকল্পনা ও নকশায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে এখনই প্রাধান্য দেওয়া প্রয়োজন। তিনি বলেন, ২০২৫ সাল নাগাদ বাংলাদেশে প্রতি ১০ জনে একজন হবেন প্রবীণ ব্যক্তি। ২০৫০ সাল নাগাদ তা হবে প্রতি ৫ জনে একজন। তাই শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, স্বাস্থ্যসেবা, যাতায়াত, বিনোদনসহ প্রতিটি ক্ষেত্রেই সর্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত হওয়া দরকার।
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সদস্য স্থপতি সৈয়দা সুলতানা বলেন, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয়তার কথা উপেক্ষিত। প্রতিবন্ধীদের কথা চিন্তা করে সব অংশীদারের সমন্বয়ে একটি পরিকল্পনা করে ধাপে ধাপে তার বাস্তবায়ন করতে হবে। সেখানে স্থপতিদের বড় একটি ভূমিকা পালন করতে হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বাংলাদেশে জনসেবার খাতগুলোর মধ্যে সবার প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি।