নগর-পরিকল্পনা ও বাস্তবায়ন
>

২৯ অক্টোবর ২০১৬, প্রথমআলোর আয়োজনে ‘নগর-পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।
আলোচনা
আব্দুল কাইয়ুম: মহানগরের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। আমাদের এ ধরনের আলোচনা হয়তো চালিয়ে যেতে হবে। কারণ, প্রতিনিয়ত নাগরিক জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই আছে।
বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। মাস্টারপ্ল্যানও করা হয়েছে। কিন্তু বাস্তবায়ন আশাপ্রদ নয়। এসব পরিকল্পনা গ্রহণের সময় সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি হয়তো বিবেচনায় নেওয়া হয় না। আবার গৃহীত পরিকল্পনাকে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়। এসবই আজকের আলোচনার বিষয়। এখন আলোচনা করবেন আকতার মাহমুদ।

আকতার মাহমুদ: বাংলাদেশে নগর-পরিকল্পনার ইতিহাস নেহাত কম দিনের নয়, অর্ধশতাব্দীর বেশি সময়কালের। যদিও পরিকল্পনার বাস্তবায়ন ও পরিকল্পিত নগরায়ণে সাফল্য উল্লেখযোগ্য নয়। দেশের নগর-পরিকল্পনার ইতিহাসকে মোটের ওপর তিন ভাগে ভাগ করা যায়।
প্রথমত, ষাটের দশকের শুরুতে চারটি বিভাগীয় শহরে বিদেশি উপদেষ্টা প্রতিষ্ঠানের সাহায্যে মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হয়। যদিও ১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস ঢাকা শহরের জন্য একটি প্ল্যান করেছিলেন। কিন্তু ষাটের দশকের মাস্টারপ্ল্যানগুলোই হলো বাংলাদেশের জন্য আইনগত আনুষ্ঠানিক নগর-পরিকল্পনা।
১৯৫৯ সালে ঢাকা, ১৯৬১ সালে চট্টগ্রাম, ১৯৬৬ সালে খুলনা এবং ১৯৮৪ সালে রাজশাহী শহরের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করা হয়। ২০ বছর মেয়াদি এই সব মাস্টারপ্ল্যান অনুযায়ী বেশ কিছু অবকাঠামো, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা তৈরি করা হলেও সমগ্র পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিভাগীয় এসব শহরের আজকের যে কাঠামো দেখা যায়, সেটা মূলত এসব মাস্টারপ্ল্যান অনুযায়ী হয়েছে।
দ্বিতীয়ত, আশির দশকে নগর উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশের ৫০টি জেলা ও ৩৯২টি উপজেলা শহরের ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করা হলো। কিন্তু বাস্তবায়নের জন্য উপযুক্ত লোকবল না থাকার কারণে এসব জেলা-উপজেলা শহরের পরিকল্পনা বাস্তবায়ন করা গেল না।
তৃতীয়ত, নব্বইয়ের দশকের পর থেকে শুরু হয় নতুন প্রজন্মের নগর-পরিকল্পনা। এই দশকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের বিভাগীয় শহরগুলোতে শহরের কাঠামো পরিকল্পনা ও বিশদ এলাকা পরিকল্পনা নামে দ্বিস্তরবিশিষ্ট নগর-পরিকল্পনা করতে শুরু করে। বর্তমানে এলজিইডি আড়াই শতাধিক পৌরসভার পরিকল্পনা তৈরির কাজ করছে।
প্রতিটি শহরের পরিকল্পনা মানে শুধু ভূমি ব্যবহার পরিকল্পনা নয়। তার সঙ্গে থাকে সেক্টরাল পরিকল্পনা, যার বাস্তবায়নের জন্য অন্যান্য সেক্টরের প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা প্রয়োজন।
আমাদের দেশের ভৌত পরিকল্পনায় প্রস্তাবিত প্রকল্প তালিকা অনুযায়ী বাজেটে অর্থ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সরকারি, বেসরকারি, দাতা সংস্থা অথবা অর্থলগ্নিকারী স্থানীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিলে পরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে।
দেশের অসম উন্নয়ন দূর করতে ছোট-বড় সব নগরে পরিকল্পিত উন্নয়নে মনোযোগ দিতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে পৌরসভাগুলোতে নগর-পরিকল্পনাবিদদের নিয়োগ দিতে হবে।

নজরুল ইসলাম: ১৯৫৯ সালে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত ঢাকার মহাপরিকল্পনা অনেকাংশ বাস্তবায়ন করা হয়েছে বলেই আমরা এখনো ঢাকায় বাস করতে পারছি।
১৯৫৩ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (বর্তমান রাজউক) প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকার পরিকল্পনা, উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণের জন্য। কেন তারা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে, তা বিশ্লেষণ করতে হবে।
মহাপরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যথাযথ দায়বদ্ধতা ও অঙ্গীকারের ঘাটতি রয়েছে। এ ছাড়া আমাদের রাষ্ট্রকে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করার সর্বাধিক চেষ্টা থাকলেও রাজধানী শহরকে বাঁচানোর কোনো প্রচেষ্টা বা অঙ্গীকার লক্ষণীয় নয়।
জননেত্রী শেখ হাসিনা পুরো দেশ পরিচালনার দায়িত্ব একা সামলাচ্ছেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও চলাচল সুগম করে তোলার দায়িত্বও কি তাঁকেই গ্রহণ করতে হবে?
পরিকল্পনা বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভাবই পরিকল্পনা বাস্তবায়নের প্রধান বাধা, এই অচলায়তন ভাঙার প্রচেষ্টা রাষ্ট্রের উচ্চপর্যায় থেকে নিতে হবে। এ ক্ষেত্রে বিআইপিকেও ভূমিকা নিতে হবে।
প্রয়োজনে বিনা মূল্যে অথবা সামান্য কিছু অর্থের বিনিময়ে পরামর্শক হিসেবে কাজও করতে হবে। বলিষ্ঠ নেতৃত্ব, দৃঢ় অঙ্গীকার ও রাজনৈতিক প্রজ্ঞা নগর-পরিকল্পনা ও বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যাবে।

মো. নুরুল্লাহ: দীর্ঘ ১৫ বছর ধরে নগর-পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকলেও আজও কোন ক্ষেত্রটি আমার আওতাভুক্ত এবং কোনটি নয়, তা নিয়ে নিজের কাছে প্রশ্ন থেকে যায়। এ শহরের মহাপরিকল্পনার কোন ক্ষেত্রগুলো সিটি করপোরেশনের আওতাভুক্ত এবং কোনটি রাজউকের তা প্রশ্নবিদ্ধ।
এ ক্ষেত্রে রাজউক মহাপরিকল্পনা অনুযায়ী সিটি করপোরেশনকে ঠিকমতো তার ক্ষেত্রগুলো বুঝিয়ে দিতে পারে। সব ক্ষেত্রে সিটি করপোরেশনের বিদ্যমান বার্ষিক বাজেটের মাধ্যমেই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব।
এ দেশে প্রণীত পরিকল্পনাগুলো একটি অদৃশ্য জালে আবদ্ধ থাকে, সদরঘাটের বাঁকল্যান্ড নামক জায়গায় ১৯৫৯ সালের মাস্টারপ্ল্যান অনুযায়ী একটি পার্ক বানানোর কথা থাকলেও অদ্যাবধি তার বাস্তব রূপ আমরা দেখিনি। এ ছাড়া বর্তমান সময়ে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত মহাপরিকল্পনাগুলো একেকটি পলিসি প্ল্যান, কিন্তু সঠিক বাস্তবায়নের জন্য অ্যাকশন প্ল্যানের কোনো বিকল্প নেই।
ডিএমডিপি (ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান) প্রণয়ন ও বাস্তবায়নে সিটি করপোরেশন শুধু রাজউকে অনুষ্ঠিত সভায় অংশ নেওয়া ছাড়া আর কোনো ভূমিকা পালন করতে পারে না, যা অত্যন্ত হতাশাজনক।
সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগ, একই মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হলেও সেখানে রাজউক আলাদা একটি মন্ত্রণালয়ের অধীনে থাকায় সমন্বয়হীনতার অভাব আছে।
এ ছাড়া প্রতিটি সংস্থায় পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তার পরিকল্পনা বিষয়ে ডিগ্রি থাকতে হবে, যা বর্তমানে অনুসরণ করা হচ্ছে না। এ বিষয়ে বিআইপিকে এসব বিদ্যমান সমস্যা মোকাবিলায় আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি।

তৌফিক এম সেরাজ: আমরা সবাই ঢাকার বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কথা বলি, কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্যার সমাধান ঢাকার বাইরে। ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণ ও সুষ্ঠু নাগরিক সেবার ব্যবস্থা প্রদানের মাধ্যমে আমরা ঢাকার সমস্যা অনেকাংশে কমিয়ে আনতে পারব।
আশির দশক থেকে ঢাকা জনসংখ্যার চাপের মুখের পড়ে; কেননা, দেশের প্রত্যেক নাগরিক তার প্রত্যাশা ও প্রাপ্তির আশ্রয়স্থল হিসেবে কেবল ঢাকাকেই বিবেচনা করেছে। বিশেষ করে ১৯৮১ সালে প্রণীত ‘ঢাকা মহানগরী এলাকার সমন্বিত পরিকল্পনা’ বাস্তবায়নের এখতিয়ার কোনো এজেন্সির হাতে ছিল না। এই পরিকল্পনা নিয়ে অনেক সমালোচনা হলেও পলিসি পরিকল্পনা হিসেবে তা যথেষ্ট ভালো ছিল, কিন্তু তার কোনো বাস্তব রূপ আমরা দিতে পারিনি।
এই প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিষ্ঠান এবং বাংলাদেশি পরিকল্পনাবিদ এই ড্যাপ তৈরির কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যা আমাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক। পরিকল্পনা ভালো হলেও আন্তমন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতাও পরিকল্পনা বাস্তবায়নের পথে প্রধান অন্তরায়।
এই মুহূর্তে রাজউকের উচিত ভূমি–বাণিজ্য পরিত্যাগ করে গৃহায়ণ কর্মসূচি পুরোপুরিভাবে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। কেননা, রাজউকের একমাত্র দায়িত্ব ঢাকা শহরের মহাপরিকল্পনা প্রণয়ন এবং তার সুষ্ঠু বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ। কিন্তু এ ক্ষেত্রে তারা ভূমি–বাণিজ্যের সঙ্গে জড়িত থাকায় উন্নয়ন নিয়ন্ত্রণ প্রতি ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে।
যতক্ষণ পর্যন্ত নতুন ড্যাপ গেজেট আকারে প্রকাশ না পাবে, ততক্ষণ পর্যন্ত বিদ্যমান ড্যাপ নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। এই বিষয়টি সবার কর্ণগোচর করার জন্য বাংলাদেশি মিডিয়াসংশ্লিষ্ট ব্যক্তিদের যথেষ্ট ভূমিকা রয়েছে।

ইকবাল হাবীব: ১৯৯৭ সাল থেকে ২০১০ পর্যন্ত আরবান প্ল্যান তৈরি করা হলো। কিন্তু ধীরে চলো নীতির জন্য এর বাস্তবায়ন করা যায়নি।
২০১০ সালে আমাদের প্রায় সবার সম্পৃক্ততায় ড্যাপ (ঢাকা ডিটেইল্ড এরিয়া প্ল্যান) তৈরি করা হয়। কিন্তু ড্যাপের কার্যক্রম ব্যর্থ হয়েছে। যদিও ড্যাপ এখনো বাতিল হয়নি। নতুন ড্যাপ না হওয়া পর্যন্ত পুরোনো ড্যাপ কার্যকর হবে।
ড্যাপ প্রণয়নের সময় পরিষ্কারভাবে লেখা ছিল এর পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ থাকবে। ড্যাপ বাস্তবায়নের কর্তৃপক্ষ কি আজও করা হয়েছে। ড্যাপের বিধিমালার জন্য আইন করার কথাও উল্লেখ ছিল। এর কোনো কিছুই হয়নি। এর অর্থ হলো ড্যাপ বাস্তবায়নে কেউ আগ্রহী ছিল না।
ড্যাপ বাস্তবায়নের ইচ্ছা থাকলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানকে এর দায়িত্ব দেওয়া হতো না। রাজউকের গঠন, দক্ষতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন করলে দেখা যাবে এটা একটা সম্পূর্ণ আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান।
রাজউকের পরিচালকেরা সরকারের বিভিন্ন প্রশাসন থেকে আসেন। গতকাল যিনি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজ তিনি রাজউকের প্ল্যানিং মেম্বার। তিনি যেহেতু কাজটি বোঝেন না, তাই এগুলো বাস্তবায়নে তাঁর চূড়ান্ত অনীহা থাকবে। অথবা তিনি ব্যর্থ হবেন।
দিনের পর দিন বলেও এর কোনো সমাধান করতে পারিনি। রাজউক পরিচালনার কথা ছিল পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও স্থপতিদের। কিন্তু রাজউক হলো একটি আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের কাছে ড্যাপের মতো একটি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিলে যা হওয়ার কথা, ঠিক তা–ই হয়েছে।
এই নগরীর কে কোন কাজ করবে, এটা নিয়ে প্রতিনিয়ত জটিলতা তৈরি হয়। কেউ কারও কথা শোনে না। কারও মধ্যে কোনো সমন্বয় নেই।
আলোচনায় এসেছে কোথাও ৮ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ ইত্যাদি মাত্রায় প্রকল্প বাস্তবায়ন হয়। কোনো দিন কোনো জবাবদিহি হয়েছে, কেন এমন হয়?
যত দিন পর্যন্ত জবাবদিহি নিশ্চিত না হবে, তত দিন কোনো উন্নয়ন হবে না।

সারোয়ার জাহান: আমরা শিক্ষার্থীদের বলে থাকি, পরিকল্পনা হলো একটি প্রক্রিয়া। ভবিষ্যতে যা করা হবে, এর গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য উদ্যোগ গ্রহণ করা।
বাস্তবায়নের সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা রয়েছে। এখন বাস্তবায়ন কে করবে? আজকের আলোচনার উল্লেখযোগ্য বিষয় হলো পরিকল্পনা হচ্ছে কি না, পরিকল্পনা হলে সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না।
১৯৫৯ সালে যে পরিকল্পনা করা হয়েছে, সেটা ছিল ১৫ লাখ মানুষের জন্য। ১৯৭৪ সালে ঢাকার লোকসংখ্যা হলো প্রায় ২০ লাখ। ১৯৮০ সালে ৩৫ লাখ। ১৯৯১ সালে ৬৫ লাখ। ২০০১ সালে এই মহানগরের লোকসংখ্যা এক কোটির বেশি হলো।
১৫ লাখ লোকের জন্য যে পরিকল্পনা, প্রায় সে পরিকল্পনা দিয়েই এখনো চলছে। একজন মানুষের বিভিন্ন বয়সে বিভিন্ন চাহিদা তৈরি হয়। সে চাহিদা পূরণ না করলে তার নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। তেমনি একটি শহরের জনসংখ্যা বাড়ার সঙ্গে এর বিভিন্ন রকমের চাহিদা তৈরি হয়। এ চাহিদা পূরণ করতে না পারলে ধীরে ধীরে শহরটি অচল হতে থাকবে।
প্রতিনিয়ত এটি জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে। এই মহানগরের বাস্তবতা এখন এমন। ড্যাপে রাস্তাঘাট, স্কুল, কলেজ সবকিছুই আছে। কিন্তু বাস্তবায়ন করবে কে? রাজউক নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের কাজ করবে। ড্যাপের উন্নয়ন কর্মকাণ্ড করবে শিক্ষা, স্বাস্থ্য, গণপূর্ত, সড়ক ও পরিবহন ইত্যাদি মন্ত্রণালয়।
এরা তো রাজউকের পরিকল্পনামতো কাজ করবে না। কারণ, তাদের নিজস্ব একেকটি পরিকল্পনা আছে। ফলে রাজউকের পরিকল্পনায় কী আছে, সেটা তারা দেখেও না। রাজউক যখন বলছে এটা জলাশয়, এটা কৃষিজমি। এখানে অন্য কোনো উন্নয়ন করা যাবে না। কিন্তু বিভিন্ন কৌশলে সেটি আবার ভরাট হচ্ছে।এসব বিষয় যদি সবাই সচেতন না হয়, তাহলে এগুলো চলতেই থাকবে।

হোসেন জিল্লুর রহমান: বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার বিষয় আলোচনায় এসেছে। যেমন সঠিক পরিকল্পনা হয়নি, বাস্তবায়ন হয়নি, সেবা পাওয়া যায়নি ইত্যাদি। প্রতিটি ক্ষেত্রে যে পরিমাণ নজর দেওয়া প্রয়োজন ছিল, সেটা দেওয়া হয়নি। অর্থাৎ সঠিক তদারক হয়নি। তার ওপর রয়েছে জবাবদিহির অভাব।
পরিকল্পনার ক্ষেত্রে বাস্তবায়ন কৌশলের যথেষ্ট অভাব। নীতিনির্ধারকেরা যা করতে চাচ্ছেন, তার প্রায় সবই হচ্ছে। কিন্তু পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে কেন এটা ব্যর্থ হচ্ছে? কেন এখানে তাঁদের মনোযোগ কম? কেন এ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন না? এর উত্তর খুঁজতে হবে।
এখানে আমাদেরও ব্যর্থতা রয়েছে। আমরা কেন তাঁদের মনোযোগ এখানে আনতে পারছি না? বাংলাদেশ এমডিজি, এসডিজি, প্রবৃদ্ধি, স্যানিটেশন, প্রাথমিক শিক্ষা—অনেক কিছু করতে পেরেছে। কিন্তু পরিকল্পিত নগরের ক্ষেত্রে কেন ব্যর্থ হচ্ছে? মনে হয় সর্বোচ্চ জায়গা থেকে ধাক্কা আসা প্রয়োজন।
১৯৫৯ সালের নগর–পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক ছিল না। নব্বইয়ের দশকে দেশের নগরায়ণ ও উন্নয়ন একই সঙ্গে দ্রুতগতিতে বাড়তে থাকে। পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে যুক্ত না করলে পরিকল্পনা হতেই থাকবে।
প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় আসছে। মফস্বল শহরের উন্নয়ন করতে না পারলে ঢাকা মহানগরের সমস্যার সমাধান করা যাবে না। প্রায় প্রতিটি জেলা, উপজেলার ডিসি, এসপি, তাঁদের পরিবার কোথায় থাকে? ঢাকাতেই থাকে। ইদানীং দেখা যাচ্ছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবারও ঢাকায় থাকা শুরু করেছে।
এটা আরও হবে; কারণ, মফস্বলে তাদের প্রয়োজনীয় সেবাগুলো নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ঢাকার সমাধান কখনোই হবে না, যতক্ষণ পর্যন্ত মফস্বল শহরে প্রয়োজনীয় সেবা তৈরি না হবে।
আবার নিরাপত্তাসহ যেকোনো ইস্যুতে একটি জনগোষ্ঠীকে সংকটে রেখে আরেক জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি করা যাবে না। তাহলে সমাজে অসন্তোষ তৈরি হবে।
সবকিছু বিবেচনায় নিয়েই পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ করতে হবে।

মোবাশ্বের হোসেন: বাংলাদেশে ১৬ কোটি মানুষ। এর প্রায় ২ কোটি প্রতিবন্ধী। তারা বছরে ২০ হাজার কোটি টাকা ট্যাক্স দেয়। একটা দেশলাই কেনার সময়ও তারা সরকারকে পয়সা দেয়। কিন্তু তাদের জন্য আমরা কতটুকু সুযোগ-সুবিধা তৈরি করতে পেরেছি। সেটি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
ভোটের সময় তাঁরও একটি ভোট, আমারও একটি ভোট। একটি ম্যাচ কিনলেও তাঁকে ভ্যাট দিতে হয়। একবার একটি অনুষ্ঠানে একজন মন্ত্রী বলেছিলেন, ‘বাংলাদেশে প্রতিবন্ধীদের সংখ্যা অনেক কম। বরং বিদেশে বেশি। তখন বলতে বাধ্য হলাম যে আমাদের দেশের অভিজাত মানুষেরা তাঁদের প্রতিবন্ধী সন্তানদের মানুষের মধ্যে আসতে দেন না। ঘরের মধ্যে লুকিয়ে রাখেন।
প্রতিবন্ধীরা যাতে সহজে চলাচল করতে পারে, সে জন্য আমাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখানে সিটি করপোরেশনের মেয়র আছেন, প্রকৌশলী আছেন, আপনারা এ ব্যাপারে কাজ করবেন।
একধরনের টাইলস পাওয়া যায়, যেটা অন্ধ ব্যক্তিদের চলাচলের জন্য সুবিধা। ঢাকা মহানগরের ফুটপাতে একটু পরপর এত উঁচু-নিচু যে সাধারণ মানুষেরও চলাচল করতে অসুবিধা হয়।
ফুটপাতে স্লোপ করা প্রয়োজন। স্লোপের আরেকটা সমস্যা হলো, অনেকে এর ওপর দিয়ে মোটরসাইকেল চালানো শুরু করেন। এর জন্য মাঝেমধ্যে পোল দেওয়া যেতে পারে। ফুটপাত কীভাবে সুন্দর হবে? পথের মাঝেমধ্যে লাইটপোস্ট, টেলিফোনপোস্ট ইত্যাদি রয়েছে। মেয়র ইচ্ছা করলেও এগুলো সরাতে পারবেন না। এর একেকটা একেক সংস্থার অধীনে।
রাস্তার মাঝখানে অবস্থিত একটি লাইটপোস্ট সরাতে আমার ১৫ বছর লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে যখন হতাশ হয়েছি, গণমাধ্যমে বলা শুরু করলাম যে এত নম্বর রোডের লাইটপোস্ট সরানোর ক্ষমতা কারও নেই। তারপর একদিন গভীর রাতে দেখলাম সেটা সরিয়ে নেওয়া হচ্ছে।
ঢাকা মহানগরের দুই মেয়রের অফিসে যেন প্রতিবন্ধীরা প্রবেশ করতে পারেন, জরুরি ভিত্তিতে সে ব্যবস্থা থাকা প্রয়োজন।
এমন টয়লেট বানানো প্রয়োজন, যেন সাধারণ মানুষ ও প্রতিবন্ধী উভয়ে ব্যবহার করতে পারে। আমরা চাই যেন প্রতিবন্ধীদের সুযোগ–সুবিধার বিষয় পরিকল্পনায় গুরুত্বের সঙ্গে ভাবা হয়।

খুরশীদ জাবিন হোসেন: আমরা কেন শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নিয়ে কথা বলি, যেখানে পুরো দেশে আজ পরিকল্পিতভাবে উন্নয়ন বাস্তবায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ ছাড়া বিশ্বায়নের এ যুগে রাজধানী হিসেবে ঢাকা কী ভূমিকা পালন করবে, তার সিদ্ধান্ত জনপ্রতিনিধিদের এখনই নিতে হবে।
ইতিমধ্যে বিশ্বের অন্যান্য দেশ তথা জাপান ব্লু ইকোনমির সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করছে, অন্যদিকে চীন কর্তৃক প্রস্তাবিত নতুন অর্থনৈতিক করিডরের (সিল্ক রোড) সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমরা এসবের জন্য কতটুকু প্রস্তুত।
এসব বাস্তবায়িত হয়ে গেলে ঢাকা একটি গ্লোবাল সিটিতে পরিণত হবে, কিন্তু আমরা কি আদৌ তার জন্য প্রস্তুত? এই মুহূর্তে নগর-পরিকল্পনা ও অর্থনৈতিক পরিকল্পনার সমন্বয় ব্যতীত কাঙ্ক্ষিত নগরায়ণ প্রত্যাশা অসম্ভব।
ঢাকা শহর পুরো দেশের সঙ্গে সম্পর্কযুক্ত, মাত্র কয়েক ঘণ্টায় দেশের যেকোনো প্রান্ত থেকে এই শহরে আসা সম্ভব, কিন্তু বাস্তব পরিস্থিতি পুরোই উল্টো। এটা একটা আক্ষেপের বিষয় যে বাংলাদেশে ভূমি ব্যবহারসংক্রান্ত কোনো আইন নেই।
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব ভঙ্গিতে মহাপরিকল্পনাকে সংজ্ঞায়িত করে থাকে। তাই সমগ্র দেশের জন্য এক রকম মহাপরিকল্পনা এবং এর সংজ্ঞা নির্ধারণ করা সর্বাগ্রে প্রয়োজন।

এ কে এম আবুল কালাম: বাংলাদেশে বর্তমানে নগর-পরিকল্পনা একটি অন্যতম জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। কয়েকটি বড় শহর ছাড়া বাংলাদেশে প্রায় সব মাঝারি ও ছোট আকারের পৌরসভার এখন পর্যন্ত আইনগতভাবে বৈধ মহাপরিকল্পনা নেই।
এ মুহূর্তে প্রায় আড়াই শ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক গেজেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলো পূর্ণাঙ্গ গেজেট আকারে প্রকাশিত হওয়া জরুরি। তাহলে ডিজিটাল বাংলাদেশ গঠনে আমরা আরও এক ধাপ অগ্রসর হতে পারব।
দেশের সাতটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর উল্লেখ্যযোগ্যসংখ্যক নগর-পরিকল্পনাবিদ পাস করে বের হলেও আমাদের স্থানীয় সরকারসহ অন্যান্য উন্নয়ন বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ সংস্থায় পরিকল্পনাবিদদের অভাব আগের মতোই পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।
নগর-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সংস্থাগুলোর জনবল কাঠামোতে পর্যাপ্ত জনবল নিয়োগ করতে হবে। ইতিমধ্যে যেসব পরিকল্পনা প্রস্তুত হয়েছে, তা গেজেট আকারে অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সব স্তরের নগর-পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতীয় পর্যায় থেকে একটি শক্তিশালী এবং নিরপেক্ষ মনিটরিং সেল গঠনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
ঢাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য একজন নির্বাচিত মেয়রের হাতে দায়িত্ব দেওয়া যেতে পারে।

আনিসুল হক: প্রতিদিন নিজেকে প্রশ্ন করি, কী করা প্রয়োজন। বিভিন্ন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা শুনে আরও ভাবনা বেড়ে যায়। অনেক কিছু করার ইচ্ছে হয়। কিন্তু মেয়রের অনেক সীমাবদ্ধতাও আছে।
নাগরিকেরা কী চায়, এই নগর যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। রাস্তার বাতি যেন ঠিকমতো জ্বলে। ফুটপাতে যেন চলাচল করতে অসুবিধা না হয় ইত্যাদি। বিশ্বের অভিজাত সুন্দর শহর যেমন সিউল, ক্যানবেরা, সিঙ্গাপুর, নিউইয়র্ক, মস্কো, টোকিও—এসব শহরে গড়ে প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৮ থেকে ১০ হাজার মানুষ।
আমাদের উত্তর সিটি করপোরেশনে সর্বনিম্ন যদি ৫০ লাখ মানুষও হয়, তাহলেও প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৬০ হাজার মানুষ। আমরা যে এখনো হাঁটতে পারি, গায়ে গায়ে ধাক্কা খাই না, রাস্তায় বাতি জ্বলে, লোকজন গাড়ি নিয়ে চলাচল করছে। এটাই অবাক করে।
আমাদের বাস্তবতা কী? ফুটপাত বড় করতে চাইলাম। কাজে নেমেই দেখি রাস্তায় অসংখ্য বিলবোর্ড। ফেলতে গেলেই নাকি হাত কেটে দেবে। আপনাদের সবার সমর্থনে ২০ হাজার বিলবোর্ড সরিয়েছি। প্রতিবন্ধীদের কথা চিন্তা করে ফুটপাতকে একটা লেভেলে রাখার চেষ্টা করছি। আপনারা ভালো রাস্তার কথা বলেন। গুলশানে প্রতিটি রাস্তার অংশবিশেষ এ দেশের সবচেয়ে ধনীরা দখল করে রেখেছে। ৮ ফুট বাই ২০০ ফুট ২০ বছর ধরে দখল করে আছে। হোটেল বানিয়েছে, মাল্টিন্যাশনাল ভবন বানিয়েছে। ১৭টি রাস্তা পরিষ্কার করেছি। প্রায় কেউই বাধা দেয়নি।
এটা কি মেয়রের দায়িত্ব? কারওয়ান বাজারে হাঁটতে পারেন না। তেজগাঁও ট্রাক টার্মিনালে হাঁটতে পারেন না। রাজউকের ১৪ কাঠা জায়গা প্রায় ৩০ বছর দখল হয়ে আছে। রাজউক কোনো উদ্যোগ নেয়নি।
রাস্তার পরিকল্পনা করা হয়েছে, ময়লা ফেলার কোনো জায়গা নেই। ২৫ শতাংশের জায়গায় ঢাকা শহরে রাস্তা আছে ৭ শতাংশ।
এক বছর আলোচনার পর ঠিক হয়েছে, ছয়টি কোম্পানির মাধ্যমে তিন হাজার বাস নামানো হবে। এখানে এক হাজার কোটি টাকার কালোটাকার খেলা। কেউ কোনো কিছু বুঝতে চায় না। কিন্তু এর চেয়ে বড় সমস্যা হলো, এই বাস রাখার কোনো টার্মিনাল নেই। কোনো ওয়ার্কশপ নেই।
৬০০-এর বেশি পোল তুলে ফেলেছি। এসব এলাকার রাস্তা অনেক বড় হয়েছে। নগর সংস্কৃতি নেই। মানুষ তার বাড়ির সামনে ময়লা ফেলে। ময়লার বিন চুরি করে নিয়ে যায়। মেয়র কত করবে? আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা পাশে থাকলে একদিন সব হবে।
নজরুল ইসলাম: নগর-পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় প্রয়োজন নেতৃত্ব। উত্তর সিটি করপোরেশনের মেয়রের কাছ থেকে সেটা পাচ্ছি। এখন সবার কাজ হলো তাঁকে সহযোগিতা করা।
ঢাকাসহ সারা দেশের নগর-পরিকল্পনা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট হওয়া দরকার। এর জন্য ন্যাশনাল আরবান পলিসি ছিল। এটা এখনো পাস করা হয়নি। নীতিটি অনুমোদন হওয়া প্রয়োজন। তাহলে প্রায় সবকিছুই এর মধ্যে চলে আসবে।
৭৫ শতাংশ জিডিপি শহর থেকে আসে। নগর–পারিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এখন যে অবস্থা তৈরি হয়েছে, তাতে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্যোগ ছাড়া কাজ হবে বলে মনে হয় না।
এ কাজে আমাদের ব্যর্থতা রয়েছে। সর্বোচ্চ জায়গা থেকে যেন নির্দেশ আসে, এ ব্যাপারে আমরা তেমন ভূমিকা হয়তো রাখতে পারিনি।
এখন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে। অন্যরাও এটা করতে চাচ্ছে। সবাইকে বলব, এভাবে নিজের ক্ষতি যেন কেউ ডেকে না আনে। প্রত্যেকে তার নিজস্ব ভাবনায় উন্নয়ন পরিকল্পনা করলে সেটা হবে সঠিক। শুধু ঢাকা নয়, সারা দেশের নগর উন্নয়ন বাস্তবায়ন করা প্রয়োজন।
আব্দুল কাইয়ুম: দীর্ঘমেয়াদি নগর–পরিকল্পনা প্রয়োজন। দেশের অন্যান্য শহরে পর্যাপ্ত নাগরিক সুবিধা না থাকার জন্যই প্রতিনিয়ত মহানগরের ওপর চাপ বাড়ছে।
ঢাকাসহ দেশের সব শহর নিয়ে একটি মহাপরিকল্পনা করা জরুরি। তা না হলে ঢাকামুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। এটা ঢাকায় বসবাসরত মানুষের জীবন-জীবিকাকে বিপর্যস্ত করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ দিকগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।