নগর পরিকল্পনা বাস্তবায়নে চাই রাজনৈতিক অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক নজরুল ইসলাম। পাশে মেয়র আনিসুল হক l প্রথম আলো
গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক নজরুল ইসলাম। পাশে মেয়র আনিসুল হক l প্রথম আলো

বাংলাদেশে পরিকল্পিত নগরায়ণের জন্য যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, তার বাস্তবায়নের হার খুবই কম। এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। এ ছাড়া একক কোনো সংস্থার হাতে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা না থাকা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাও অপরিকল্পিত নগরায়ণের অন্যতম কারণ।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল শনিবার ‘নগর-পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বিএসআরএম ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সহযোগিতায় প্রথম আলো এই বৈঠকটির আয়োজন করে।
বৈঠকে বক্তারা নতুন পরিকল্পনা প্রণয়নে ঢাকা ছাড়াও সারা দেশের জন্য ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরির ওপর জোর দেন। একই সঙ্গে নতুন পরিকল্পনায় জনসম্পৃক্ততা বাড়ানো ও পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রাখার সুপারিশ করেন তাঁরা।
বৈঠকে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের পরিচালক হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খুরশীদ জাবিন হোসেন তৌফিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ, শেল্টেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ, বিআইপির সভাপতি এ কে এম আবুল কালাম ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবীব। বৈঠকের শুরুতে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার মাহমুদ। বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
মেয়র আনিসুল হক বলেন, ঢাকার মতো জনবহুল শহরে নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য দরকার দক্ষ জনবল। সব ধরনের অনিয়ম, অদক্ষতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিলবোর্ড নামাতে গেলে, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে প্রভাবশালীরা বাধা দেয়। আমরা এ বাধা উপেক্ষা করে এগিয়ে যাব।
বৈঠকে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে নগর উন্নয়নের ক্ষেত্রে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়নের হার ৫০ শতাংশের কম। ১৯৫৯ সালে ঢাকাকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল, তার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। যে কারণে ঢাকা এখনো কিছুটা বাসযোগ্য আছে।
১৯৯৫ সালের ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানের (ডিএমডিপি) ৩১টি কর্মপরিকল্পনার মধ্যে ৮টি বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করেন মো. নুরুল্লাহ। তিনি বলেন, ২৩টি পলিসি বাস্তবায়ন না করতে পারার খেসারত এখন ঢাকা দিচ্ছে।
আকতার মাহমুদ বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা শহরের জন্য যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন খুব বেশি হয়নি। খুলনা শহরের মহাপরিকল্পনা করা হয় ১৯৬৬ সালে। পরিকল্পনার মাত্র ৮-১০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। ১৯৮০-এর দশকে নগর উন্নয়ন অধিদপ্তরের নেতৃত্বে ৫০টি জেলা ও ৩৫৯টি উপজেলার ভূমি ব্যবহার পরিকল্পনা করা হয়, যা স্থানীয় পর্যায়ের ব্যবহারকারীরাই জানেন না।
সারোয়ার জাহান বলেন, রাজউকের ডিএমডিপিতে ভূমি ব্যবহার পরিকল্পনা ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, সড়কসহ নানান বিষয় আছে। এসবের সঙ্গে জড়িত অন্য সংস্থাগুলোর নিজস্ব পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য আছে। তারা তাদের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করছে। তাহলে রাজউকের পরিকল্পনা করে লাভ কী?
তৌফিক এম সেরাজ বলেন, একক কোনো সংস্থার হাতে পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নেই। তিনি নিউইয়র্ক শহরের উদাহরণ দিয়ে বলেন, সেখানে নগর নিয়ে যত সংস্থা কাজ করে তার সবই মেয়রের অধীন।
মো. নুরুল্লাহ বলেন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় সরকারকে কোনো সময় যুক্ত করা হয়নি, এটাও বড় দুর্বলতা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ডিএমডিপি তৈরি করেছে, কিন্তু একটি-দুটি বৈঠক ছাড়া সেখানে সিটি করপোরেশনের কোনো অংশগ্রহণ ছিল না।
আনিসুল হক বলেন, আইনে বলা আছে, রাজউক খেলার মাঠ, পার্ক, লেক তৈরি করে সিটি করপোরেশনকে বুঝিয়ে দেবে। এক বছর ধরে চারটি পার্ক ও মাঠ সিটি করপোরেশনকে বুঝিয়ে দিতে অনুরোধ করা হলেও তা রাজউক দেয়নি।
তৌফিক এম সেরাজ বলেন, রাজউকের কাজ নগরের পরিকল্পনা করা। রাজউক একই সঙ্গে পরিকল্পনা করছে, আবার ব্যবসাও করছে। দক্ষ জনশক্তি রাজউকে গড়ে ওঠেনি।
রাজউকের গঠন-পরিচালন সবই আমলাকেন্দ্রিক বলে মন্তব্য করেন ইকবাল হাবীব। তিনি বলেন, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, স্থপতিদের নিয়ে রাজউক হওয়ার কথা ছিল।
সারোয়ার জাহান বলেন, রাজউক পরিকল্পনা করছে, কিন্তু সেটি সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে কি না, বাস্তবায়ন হচ্ছে কি না—সেটি দেখার কেউ নেই। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের ক্ষমতা আছে রাজউকের। কিন্তু সংরক্ষিত জলাশয় থেকে শুরু করে বন্যাপ্রবাহ অঞ্চল সংস্থাটি রক্ষা করতে পারছে না।
খুরশীদ জাবিন হোসেন তৌফিক বলেন, ঢাকা শহরের চেহারা কেমন হবে, সে সিদ্ধান্ত রাজনৈতিক। ভূমি ব্যবহার পরিকল্পনা যদি অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বিশ্ব অর্থনীতির সহযোগী না হয় তাহলে তা কার্যকর হবে না। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে পুরো দেশকে না সাজালে ঢাকার অবস্থা পরিবর্তন হবে না।
বিআইপির সভাপতি এ কে এম আবুল কালাম জেলা-উপজেলা স্তরে পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা অর্জনে জাতীয় পর্যায় থেকে সহযোগিতা ও প্রশিক্ষণের পরামর্শ দেন।
পরিকল্পনা থেকে শুরু করে, আলোচনা সবকিছু ঢাকাভিত্তিক হয়ে যাওয়াটাই সমস্যা বলে উল্লেখ করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘মফস্বলকে যদি পরিকল্পনার আওতায় না নিয়ে আসতে পারি তাহলে এর থেকে উত্তরণ সম্ভব না। নগর হতে হবে ধনী-দরিদ্র সবার। পরিকল্পনায় সেটার ছাপ থাকতে হবে।’