চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) পরিকল্পনা বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন একজন ডিপ্লোমা প্রকৌশলী। তাঁর নাম সরোয়ার উদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার ওই পদে সমপর্যায়ের কাউকে পদায়ন না করায় প্রকৌশলীরা একাধিকবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ক্ষোভ প্রকাশ করেছেন। মামলা করারও হুমকি দিয়েছেন। অভিযোগ রয়েছে, কম যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণে নগর উন্নয়ন কাজে দীর্ঘসূত্রতা হচ্ছে। কারণ, তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্যতা সরোয়ারের নেই বলে অভিয়োগ রয়েছে। ডিপ্লোমা প্রকৌশলী বলে অনেক ফাইল সম্পর্কে তিনি কিছু বোঝেন না, কিংবা জানেন না। এতে সাধারণ নাগরিকেরাও ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে জানান, সরোয়ার উদ্দিন পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ। ওই পদে অযোগ্যতা বড় সমস্যা নয়, সমস্যা হচ্ছে আন্তরিকতা ও একাগ্রতা দিয়ে কাজ বের করে আনা। তা ছাড়া এখানে অনেক কিছু আছে, যা চেয়ারম্যানের এখতিয়ারভুক্ত নয়। উপপ্রধান নগর পরিকল্পনাবিদের দায়িত্বের বিষয়টিও সে ধরনের একটি কাজ।জানা যায়, এ পদে থাকা ব্যক্তি নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তাঁর অধীনে রয়েছেন দুজন অথরাইজেশন কর্মকর্তা। তাঁদের পদবি নির্বাহী প্রকৌশলীর। বর্তমানে এ দুই পদে দায়িত্ব পালনকারী মনজুর হাসান এবং এ জি এম সেলিম দুজনই সরোয়ার উদ্দিন আহমেদের জ্যেষ্ঠ। এরই মধ্যে সেলিমকে সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা হয়েছে।তা ছাড়া এ বিভাগের সাতজন বিএসসি ইঞ্জিনিয়ার ও নগর পরিকল্পনাবিদ কাজ করছেন। এ নিয়ে তাঁদেরও অসন্তোষ রয়েছে।চেয়ারম্যান ছালাম বলেন, ‘আমি অনেকভাবে লোকজনকে বলেছি, পরিকল্পনার আবেদন আমার কাছে দেন। বাস্তবে দেখা যায়, অনেকে ভবিষ্যৎ চিন্তা করে কর্মকর্তাদের সঙ্গেই বোঝাপড়া করে থাকেন।’এর আগে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালনকারী মো. শাহীনুল ইসলাম খানকে গত বছরের ২১ জুন ঢাকাস্থ আরবান ডেভেলপমেন্ট অথরিটিতে (ইউডিএ) বদলি করা হয়। শাহীনুল বুয়েট থেকে পাস করেন। তাঁর স্থলাভিষিক্ত করা হয় ওই সংস্থার স্থপতি আবদুর রহমান খানকে। ঢাকা থেকে বদলি হওয়া কর্মকর্তা যোগদানে দেরির অজুহাতে চউক চেয়ারম্যান ২০১১ সালের ১৭ জুলাই আকস্মিক এক আদেশের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী সরোয়ার উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত উপপ্রধান নগর পরিকল্পনাবিদের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন। এ আদেশের খবর পেয়ে প্রকৌশলী ও স্থপতিরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানের কাছে গিয়ে তাঁদের ক্ষোভ জানান। একাধিক প্রকৌশলী জানান, তাঁদের অসন্তোষের কথা শুনে চেয়ারম্যান ঢাকা থেকে শিগগিরই নতুন নগর পরিকল্পনাবিদ বদলি হয়ে আসবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রায় দেড় বছরেও আনা হয়নি।সরোয়ার উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘মানুষ অনেক কিছুই বলতে পারে। আমি তো তাদের মুখ বন্ধ করতে পারি না। কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে। যদি মনে করে আমি যোগ্য নই, তবে সরিয়ে দেবে। এতে আমার কোনো আপত্তি নেই।’