চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার ‘নগর পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (চট্টগ্রাম চ্যাপ্টার) যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ মো. আলী আশরাফ। সেমিনারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের জন্য নগর পরিকল্পনার প্রয়োজনীয়তা ও ব্যবহারিক প্রয়োগসংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের সহযোগী অধ্যাপক আদনান মোর্শেদ। সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন সংস্থায় নিয়োজিত পরিকল্পনাবিদ, নগর ও অঞ্চল পরিকল্পনা ও স্থাপত্য বিভাগের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।