নগর পরিকল্পনায় সমন্বয়ের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর উন্নয়নের পরিকল্পনা কার্যক্রমে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয় ও সম্মিলিত সিদ্ধান্ত না থাকায় বহদ্দারহাট উড়ালসড়কের গার্ডার ধসের মতো ঘটনাগুলো ঘটছে। যানবাহন পরিচালনাকারী ও নিয়ন্ত্রণকারীর সমন্বয়ের অভাবে নগরের সড়কগুলোতে যানজট নিরসন করা যাচ্ছে না।নগরে আলাদা করে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিক ও কলকারখানা স্থাপিত না হয়ে যত্রতত্র নির্মিত হচ্ছে। ফলে নগর তার স্বাভাবিক সৌন্দর্য, পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। নগর পরিকল্পনায় শক্তিশালী পর্যবেক্ষণকারী ও বিশেষজ্ঞ দল না থাকায় জানমালের বিপর্যয় ঘটছে প্রতিনিয়ত। গতকাল শনিবার ইরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত নিজ কার্যালয়ে ‘উন্নয়ন ও ঝুঁকি, চট্টগ্রাম উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞ সংলাপ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এই মতামত দিয়েছেন। ‘রোটারি ক্লাব চট্টগ্রাম মিড সিটি’র সহযোগিতায় ডেইলি স্টার-এর চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডেইলি স্টার চট্টগ্রাম কার্যালয়ের প্রধান এ কে এম রইসুল হকের সঞ্চালনায় আলোচনায় নগর পরিকল্পনাবিদ সুভাষ চন্দ্র বড়ুয়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ হারুন, সাবেক চেয়ারম্যান মো. আলী আশরাফ, রোটারি ক্লাব চট্টগ্রাম মিড সিটির প্রতিনিধি জাবিনা জিবরান চৌধুরী, বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি খোরশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক সজল চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসেন অংশ নেন।সিডিএর বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী বহদ্দারহাট উড়ালসড়ক ধসের ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের গাফিলতি তুলে ধরে বলেন, ‘সিডিএর চার বোর্ড সদস্য ও চেয়ারম্যান—সবাই রাজনৈতিক বিবেচনায় দায়িত্বপ্রাপ্ত। আমাদের কারোরই প্রাযুক্তি বিষয়ে ধারণা নেই। কোনো উপদেষ্টা ও বিশেষজ্ঞমণ্ডলী না থাকায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।’