নগর পরিচ্ছন্ন রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির আঙিনাসহ নগর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। নগর পরিচ্ছন্নতায় ওই অভিযানের আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন।
নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গতকাল বুধবার দুপুর ১২টায় পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল।
এর আগে বেলা সোয়া ১১টায় নগর ভবনের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। সচেতনতামূলক ওই শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনীকুমার হল চত্বরে শেষ হয়। সেখানে স্মারক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে মেয়র কামাল বলেন, ‘নিজের বাড়ির আঙিনা নিজেকেই পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসীর সহযোগিতা ছাড়া সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা অসম্ভব। জনসচেতনতার অংশ হিসেবে এই কর্মসূচি। আশা করি নাগরিকেরা এ কাজে সর্বাত্মক সহযোগিতা দেবেন।’
এ সময় মেয়র যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি আরও বলেন, প্রচারাভিযানের পর নিয়ম না মেনে ময়লা-আবর্জনা ফেললে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান, প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ শহীদ, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, এস এম জাকির হোসেন প্রমুখ। এ সময় নগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা এবং পরিচ্ছন্নতা কাজে সিটি করপোরেশন, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ১৮ নভেম্বর পর্যন্ত নগরের সব ওয়ার্ডে ওই কর্মসূচি চলানো হবে।