
বরিশাল সিটি করপোরেশনে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের শুরুতেই কেটে ফেলা হচ্ছে সৌন্দর্যরক্ষায় লাগানো ফুলগাছ। গাছ কাটার প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। তার আগেই কাটা পড়ে বেশ কিছু গাছ।
গতকাল বৃহস্পতিবার সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতার অংশ হিসেবে নগরের সার্কিট হাউসের সামনের দক্ষিণ পাশের গাছগুলো কেটে ফেলে সিটি করপোরেশন।
প্রত্যক্ষদর্শী পথচারী আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, নগর সৌন্দর্যরক্ষায় লাগানো ফুলশোভিত সবুজ বৃক্ষ যেভাবে কাটা হয়েছে, তাতে ওই গাছ আর বাঁচবে না। পরিচ্ছন্নতার নামে এভাবে সৌন্দর্য নষ্ট করার কোনো অধিকার নেই করপোরেশনের।
সরেজমিনে দেখা গেছে, সার্কিট হাউসের দক্ষিণ পাশের ফুলসহ সবুজ গাছগুলো মাটি থেকে তিন ফুট ওপর দিয়ে কেটে ফেলা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছেন। একপর্যায়ে প্রতিবাদ করার পর বাকি অংশ কাটা বন্ধ করে দেওয়া হয়।

নগরের সার্কিট হাউস-সংলগ্ন ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা বৃক্ষপ্রেমিক সাইফুল আহসান বলেন, সাধারণত শীতের সময় গাছ কাটলে ওই গাছ থেকে নতুন পাতা গজায় না। পুষ্পশোভিত গাছগুলো হয়তো আর রক্ষা পাবে না।
করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, ‘নগর পরিচ্ছন্নতার অংশ হিসেবে শোভাবর্ধক কোনো গাছ কাটার কথা নয়। কেন কাটা হচ্ছে খোঁজ নিয়ে জানাব।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, এমন তথ্য জানা নেই। গাছ যাতে না কাটা হয়, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।