নানা অবহেলার কারণে বাংলাদেশের উন্নয়নে চট্টগ্রাম পূর্ণাঙ্গ ভূমিকা রাখতে পারছে না। কর্মক্ষম জনশক্তি ও বুদ্ধিদীপ্ত সমাজ থাকা সত্ত্বেও চট্টগ্রামকে একটি উঁচু মানের নগরে পরিণত করা যায়নি। তা করতে হলে নগর পরিচালনা ও ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে।
গতকাল মঙ্গলবার পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম আয়োজিত মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এই মুক্ত আলোচনা উৎসর্গ করা হয় সংগঠনের প্রথম সভাপতি বিজ্ঞানী প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলামের প্রতি।
সভায় সিটি করপোরেশনের আগামী নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ১২ দফা দাবি পূরণে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানানো হয়।
সংগঠনের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে, নগরের জলাবদ্ধতা ও জলজট নিরসন এবং খাল সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করা, নগরে যাতায়াতব্যবস্থা সাশ্রয়ী ও নিরাপদ করা, আধুনিক বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।
সভায় লিখিত বক্তব্যে জেরিনা হোসেন নগরের উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ১২ দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, সিটি করপোরেশন হচ্ছে নগরের অভিভাবক। নগরের কেন্দ্রবিন্দুতে হতে হবে নগর ভবনের অবস্থান। আর ওয়ার্ড কার্যালয় হবে স্থানীয় বাসিন্দাদের মতামত, পরামর্শ, অভিযোগ এবং বিভিন্ন তথ্য ও সেবা পাওয়ার প্রাথমিক স্তর। এ ছাড়া নগরের উন্নয়নে সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা নিতে হবে, যা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে।
প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার সমস্যা সমাধানযোগ্য। এ জন্য প্রয়োজন কেবল কার্যকর উদ্যোগ নেওয়া। এ ব্যাপারে নগরের সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে।
প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, টেকসই নগর উন্নয়ন সম্পর্কে নগর কর্তৃপক্ষের স্পষ্ট ধারণা থাকতে হবে। না হলে সব উন্নয়ন বিফলে যাবে।
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা নেওয়ার দাবি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুরুল কিবরীয়া।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন বলেন, নগরের বিভিন্ন স্থাপত্য সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। এই দায়িত্ব পালন করার জন্য নগর কর্তৃপক্ষের কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও নেই।
সংগঠনের সভাপতি ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ড. জামাল নজরুল ইসলামের স্ত্রী সুরাইয়া ইসলাম, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী প্রমুখ।