নগর ভবন দলীয় কেন্দ্র হবে না: খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন
সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, জয়ী হলে তিনি ধৈর্যের সঙ্গে করপোরেশন পরিচালনা করবেন। নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, তা অবশ্যই মেনে নেবেন তিনি। ২৫ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘আমি ঢাকার সন্তান। তাই ঢাকাবাসীর কাছে ভোটের অধিকার একটু হলেও আমার বেশি। নগরপিতা নয়, সন্তান হয়ে নগরকে আগলে রাখার দায়িত্ব আমার।’
সাঈদ খোকন বলেন, ‘মেয়র নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে নগর পরিকল্পনাবিদ, এনজিওকর্মী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে “ঢাকা ডায়ালগ” নামে একটি সংলাপ করা। সেই সংলাপের মাধ্যমে উঠে আসা পরিকল্পনা দিয়েই আমার কাজ শুরু হবে। নগর ভবন হবে সেবাকেন্দ্র, এটি দলীয় কেন্দ্র হবে না।’
আওয়ামী লীগ-সমর্থিত এই প্রার্থী বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই সাংবাদিকদের কাছে বিভিন্ন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। আচরণবিধি লঙ্ঘন, সুষ্ঠু নির্বাচন এমনকি নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে। আমি কি একটিও অভিযোগ করেছি? অভিযোগ কি ছিল না? ছিল। অনেক অভিযোগ ছিল। কিন্তু আমি ধৈর্য ধরেছি। আমি যদি নির্বাচিত হই তবে এই ধৈর্য ধরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা করব।’
সাঈদ খোকন বলেন, ‘আমি একটি দিনও মির্জা আব্বাসের নাম উচ্চারণ করিনি, যাতে তাঁর সম্মানের হানি হতে পারে, তিনি বিব্রত হতে পারেন। তবে বলার কিন্তু অনেক কিছুই ছিল। আসলে আমি শিক্ষা লাভ করেছি, সম্মান পেতে হলে মানুষকে সম্মান দিতে হবে। আমি নির্বাচিত হলে জনগণকে সম্মানের আসনে বসাব।’ তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রত্যেক মানুষ নিরাপদে থাকবে।’