নগর ভবনে চেয়ার ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভক্তি আইন পাসের পর নগর ভবনে কার্যত কাজকর্ম থেমে গেছে। কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার ফাঁকা। তাঁদের মধ্যে একধরনের হতাশা তৈরি হয়েছে। কে উত্তরে, কে দক্ষিণে যাবেন—এ কথাই তাঁদের মুখে মুখে।সরকারি সূত্রমতে, সংসদে বিলটি পাস হওয়ার পর এখন রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে গেজেট প্রকাশের অপেক্ষায় আছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলোকে বলেন, গেজেট হাতে পাওয়ার পরই প্রশাসক নিয়োগ করা হবে।কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে ভাগ করা হবে, এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, কে কোথায় থাকতে চান, প্রথমে তাঁদের পছন্দ জানা হবে। কারণ, পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা একভাবে ছিলেন। এ জন্য তাঁদের মানবিক ও সামাজিক বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় বনানী কমিউনিটি সেন্টার বা গুলশানে মেয়র ভবনে করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।নগর ভবনের কাজকর্ম থেমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ কোনো মন্তব্য করতে রাজি হননি।