নগর ভবনে পুলিশ, ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে ধোঁয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরখাস্ত হওয়ার পর রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তাঁর দায়িত্ব পালনের জন্য ৩ নম্বর প্যানেল মেয়র নূরুন্নাহার বেগমকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদের দলের অনুসারী একজন কাউন্সিলরকে এ দায়িত্ব দেওয়ার। এ পরিস্থিতির মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে খবর ছড়ায়, ৩ নম্বর প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়র হিসেবে যোগদান করতে আসছেন। খবর পেয়ে পুলিশও নগর ভবনে চলে আসে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি সুরাহা হয়নি।
বিএনপির অনুসারী কাউন্সিলররা বলছেন, ৩ নম্বর প্যানেল মেয়র নূরুন্নাহার বেগমের যোগদান ঠেকাতে নগর ভবনে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের দাবি, গন্ডগোলের আশঙ্কায় তারা সেখানে গিয়েছিল।
রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আযম বর্তমানে কারাগারে রয়েছেন। ২ নম্বর প্যানেল মেয়র নূরুজ্জামান মামলার আসামি হয়ে পলাতক। এখন অবশিষ্ট আছেন শুধু ৩ নম্বর প্যানেল মেয়র। তিনি সংরক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচিত। নিয়ম অনুযায়ী এখন তাঁরই দায়িত্ব পাওয়ার কথা। বিএনপির সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন নূরুন্নাহার।
মেয়র মোসাদ্দেক হোসেনের নামে আদালতে পাঁচটি মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ার পর মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে আওয়ামী লীগের অনুসারী কাউন্সিলর কামরুজ্জামানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর ছড়ায়। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, কামরুজ্জামান যাতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান, তাঁরা সেই চেষ্টাই করছেন। একাধিক সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের আট-দশজন বিএনপি-সমর্থিত কাউন্সিলর গতকাল দুপুরে হঠাৎ নগর ভবনে আসেন। জানাজানি হয়ে যায়, তাঁরা নূরুন্নাহার বেগমকে যোগদান করাতে এসেছেন। এমনকি এ সময় বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন নিজেও নগর ভবনে আসছেন—এমন খবরও ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই নগর ভবনে পুলিশ চলে আসে। বিএনপি-সমর্থিত কাউন্সিলররাও তখন নগর ভবন থেকে সরে যান।
সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়র মোসাদ্দেক হোসেন যে দায়িত্ব হস্তান্তরপত্র দিয়েছেন, সেটি ইতিমধ্যে সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়ে ফ্যাক্সযোগে পাঠানো হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ আসার পর বিএনপির অনুসারী কাউন্সিলররা নগর ভবন থেকে চলে যাওয়ার সময় আওয়ামী লীগের অনুসারী কর্মচারীরা বলাবলি করছিলেন, কামরুজ্জামানকে মেয়র হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। ফ্যাক্সযোগে এ-সংক্রান্ত আদেশ সিটি করপোরেশনে চলে আসবে। এরপর কর্মকর্তারা এ আদেশের জন্য সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত নগর ভবনে অপেক্ষা করেন। কিন্তু তখনো সেটি না আসায় তাঁরা চলে যান। পুলিশও ত্যাগ করে নগর ভবন। বিএনপির অনুসারী একজন কাউন্সিলর বলেন, নিয়ম অনুযায়ী প্যানেল মেয়র নূরুন্নাহারই ভারপ্রাপ্ত মেয়র হবেন। তাঁর যোগদান ঠেকাতেই নগর ভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানতে চাইলে নূরুন্নাহার বলেন, তিনি কিছুদিন বাইরে ছিলেন। এ সময় তাঁর মুঠোফোনও বন্ধ ছিল। ৭ মে তিনি জানতে পারেন, মেয়র মোসাদ্দেক হোসেন তাঁকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব হস্তান্তরপত্র সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা তাঁর নামে কোনো অফিস আদেশ করেননি। এ জন্য তিনি নিজেই পত্রটি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। নূরুন্নাহার জানান, গতকাল মোসাদ্দেক হোসেনের ব্যক্তিগত সচিব তাঁকে ফোন করে বলেন, দুপুরের পরে তাঁকে দায়িত্ব হস্তান্তর করা হবে। ফোন করা হবে সিটি করপোরেশন থেকে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি ফোন পাননি। কাউন্সিলর কামরুজ্জামান বলেন, তিনি ঢাকায় রয়েছেন। তাঁকে দায়িত্ব দেওয়া হবে এমন আভাস পেয়েছেন, কিন্তু চিঠি হাতে পাননি। গতকাল তিনি মন্ত্রণালয়েও যেতে পারেননি, এ জন্য বলতে পারছেন না। সিটি করপোরেশনও এ-সংক্রান্ত কোনো আদেশ পায়নি বলে তিনি জানতে পেরেছেন।
পুলিশ পাঠানোর বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ওসি মাহামুদুর রহমানের দাবি, নগর ভবনে উত্তেজনা চলছিল। গন্ডগোলের আশঙ্কায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে।