নগর ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের শেষ দিন গতকাল সোমবার বকেয়া বিদ্যুৎ বিলের মধ্যে ২১ লাখ টাকার চেক ইস্যু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (নগর ভবন)। তবে গতকাল পর্যন্ত চেক হাতে পায়নি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। আজ মঙ্গলবার পেতে পারে। এ জন্য বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।
ডিপিডিসির সচিব ও বিশেষ টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁকে এই চেক ইস্যুর কথা জানিয়েছেন। তবে জুন মাসের মধ্যে বাকি টাকা না দিলে সংযোগ বিচ্ছিন্নের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
দক্ষিণ সিটি করপোরেশনের মোট বকেয়া ২ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের বিদ্যুৎ-সংযোগ গত রোববার বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে প্রায় অর্ধেক বিল দেওয়ায় এবং বাকি টাকা এক সপ্তাহের মধ্যে প্রদান করার আশ্বাসে প্রায় ২৪ ঘণ্টা বিচ্ছিন্ন রাখার পর গতকাল সোমবার পুনরায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়।