নগর মহাপরিকল্পনা ও ড্যাপ পর্যালোচনা করবে চউক
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।
চউক মহাপরিকল্পনা বাস্তবায়নে নগরের সর্বস্তরের মানুষের মতামত ও পরামর্শ নেওয়ার জন্য ওয়ার্ডভিত্তিক আলোচনা সভার আয়োজন করছে। আজ বুধবার নগরের ৩৮ নম্বর মধ্যম হালিশহর ওয়ার্ডে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, মহাপরিকল্পনা প্রণয়ন করার সময় যে পরিমাণ মানুষকে সম্পৃক্ত করার কথা, তা করা হয়নি। একইভাবে প্রণয়ন করা হয়েছে ড্যাপ। ফলে এই দুটি পরিকল্পনা বাস্তবায়ন ও কার্যকরে নানা অসঙ্গতি সৃষ্টি হয়।
আবদুচ ছালাম বলেন, মহাপরিকল্পনা ও ড্যাপের বিভিন্ন অসংগতি দূর এবং এগুলোর যথাযথ পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধনের প্রয়োজন রয়েছে। এ জন্য প্রত্যেক ওয়ার্ডে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নগরবাসীর মতামত ও পরামর্শে একটি সর্বজনীন ও বাস্তবসম্মত মহাপরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে।
চউক ১৯৯২ সালে সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় স্ট্রাকচার প্ল্যান, আরবান ডেভেলপমেন্ট প্ল্যান এবং ডিটেইলড এরিয়া প্ল্যান প্রকল্প শুরু করে। ১৯৯৫ সালে মহাপরিকল্পনা প্রণয়ন করে। সরকার ১৯৯৯ সালের ১ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে এটির অনুমোদন দেয়। ২০ বছর মেয়াদি এই মহাপরিকল্পনার মেয়াদ আগামী বছর শেষ হবে।
চউক ২০০৬ সালে নগরের ৭৭০ বর্গকিলোমিটার এলাকার জন্য ‘ডিটেইলড এরিয়া প্ল্যান ফর চিটাগং মেট্রোপলিটন মাস্টার প্ল্যান’ নামে আরেকটি পরিকল্পনা নেয়। মহাপরিকল্পনার পরিপূরক হিসেবে এই প্রকল্প নেওয়া হয়। ২০০৮ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এর অনুমোদন দেওয়া হয়।
চউকের ‘মহাপরিকল্পনা পর্যালোচনা প্রকল্প’-এর প্রকল্প পরিচালক নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী বলেন, নগরের প্রত্যেক ওয়ার্ডের আলোচনা সভায় মহাপরিকল্পনা পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দেখানো হবে। এই বিষয়ে তাঁদের মতামত নেওয়া হবে এবং তা সংরক্ষণ করা হবে।
এদিকে পর্যালোচনা কমিটিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, বিদায়ী কাউন্সিলর এবং বিভিন্ন পেশার প্রতিনিধিসহ অন্তত ২০-২৫ জন সদস্য থাকবেন।