নগর যানজটমুক্ত রাখতে নতুন ট্রাফিকব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরকে যানজটমুক্ত ও নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে গতকাল বুধবার থেকে নতুন ট্রাফিকব্যবস্থা চালু করা হয়েছে।
পুলিশ জানায়, নগরের প্রধান প্রধান বিপণিবিতান ও পূজামণ্ডপে যেখানে মানুষের সমাগম বেশি হয়, সেসব এলাকায় ট্রাফিকব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতাদের চলাচল নির্বিঘ্ন করতে বিপণিবিতান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, গাড়ি, মাইক্রোবাস চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে সব সড়কে রিকশা ও মোটরসাইকেল চলাচল করবে।
নতুন এ ব্যবস্থায় শহরের মাহিগঞ্জ থেকে কামালকাছনা হয়ে জাহাজ কোম্পানী মোড় যেতে সব যান্ত্রিক যানবাহন গুপ্তাপাড়া লায়ন্স স্কুল ও কলেজের সামনে থামবে। হারাগাছ থেকে শালবন হয়ে পায়রা চত্বরের দিকে যেতে যানবাহন সেন্ট্রাল রোডের কাস্টমস অফিসের সামনে, শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানী অভিমুখী যানবাহন গ্র্যান্ড হোটেল মোড়ে, কাচারি বাজার থেকে শহরে যেতে টাউন হলের সামনে থামবে।
নতুন ব্যবস্থায় কাচারি বাজার থেকে লক্ষ্মী সিনেমা হলের পাশ দিয়ে গোমস্তাপাড়া হয়ে গ্র্যান্ড হোটেল মোড় বেরিয়ে যেতে পারবে যানবাহনগুলো।
রংপুর টাউন হলের মাঠ, জিলা পরিষদ কমিউনিটি মার্কেটের মাঠ, গোমস্তাপাড়া পুলিশ মাঠ অস্থায়ী পার্কিং হিসেবে ব্যবহৃত হবে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, নগরবাসীর চলাচলের সুবিধার্থে নতুন এ ট্রাফিকব্যবস্থা চালু করা হয়েছে। আশা করি, মূল শহরে কেনাকাটা ও পূজামণ্ডপে যাওয়ার জন্য যানবাহনের চাপ থাকবে না। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।