নগর সবুজ রাখতে 'অনির্বাণের' উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার অনির্বাণ নামে একটি ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন সড়কে গাছের চারা বিতরণ করা হয়। ছবিটি দুপুরে রাজধানীর আসাদগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
আজ শনিবার অনির্বাণ নামে একটি ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন সড়কে গাছের চারা বিতরণ করা হয়। ছবিটি দুপুরে রাজধানীর আসাদগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

‘অনির্বাণ’ নামে ফেসবুকভিত্তিক একটি সামাজিক সংগঠন নগরবাসীদের বৃক্ষরোপণে উৎসাহী করে তুলতে সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে। এ সময় সংগঠনটি নগরবাসীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করে।

আজ শনিবার সকালে সংগঠনটির প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে লেকের সামনে থেকে এই শোভাযাত্রা বের করেন। পরে তাঁরা ১০টি ভাগে ভাগ হয়ে প্রত্যেক ভাগে ১০০টি গাছের চারা নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে তা বিতরণ করেন।

সংগঠনটির অপারেশন অ্যান্ড লজিস্টিকসের দায়িত্বে থাকা আহমেদ চৌধুরী বলেন, অনির্বাণ একটি ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন। ১৮ থেকে ২০ বছর বয়সী ১২ জন সদস্য নিয়ে এই সংগঠনটি গড়ে উঠেছে। নগরবাসীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করতেই ‘নিসর্গ’ নামে এই উদ্যোগ হাতে নিয়েছেন।

আহমেদ চৌধুরী বলেন, ‘প্রতিটি বাসায় দুটি গাছ লাগালে এসি ব্যবহারের পরিমাণ প্রায় ৩০ ভাগ কমে যাবে। এটি আমাদের একটি ছোট্ট একটি পদক্ষেপ। একজন যে গাছটা নিবে, তিনি যেন প্রতিবেশীকেও গাছ লাগাতে উৎসাহ দেন। এতে কংক্রিটের পরিবেশ আরও সবুজ হয়ে উঠবে।’

এর আগে শিশুদের চোখের চিকিৎসা করাতে ‘দৃষ্টি’ ও এতিম শিশুদের সঙ্গে বিভিন্ন আয়োজনে একটি দিন কাটাতে ‘উচ্ছল’ নামে দুটি উদ্যোগ নিয়ে কাজ করেছিল অনির্বাণ।