নগর সরকার করতে চান জোনায়েদ সাকি
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) নির্বাচিত হলে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা করে নাগরিক সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে মহাখালী কাঁচাবাজার থেকে নাখালপাড়া রেলগেট পর্যন্ত প্রচারণার সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।
প্রচারণার সময় নাখালপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, সিটি করপোরেশন বলে যে কোনো কিছুর অস্তিত্ব আছে, নির্বাচন না এলে তাঁরা টেরই পান না। বর্ষায় কাদাপানি আর গরমে ধুলার আক্রমণে তাঁরা অস্থির থাকেন। ওয়াসার পানিতে দুর্গন্ধ আসে। রাতের বেলায় বিভিন্ন গলিতে পর্যাপ্ত বাতি না থাকায় নিরাপত্তাহীন হয়ে পড়েন বাসিন্দারা। বেশি সমস্যা হিসেবে যানজটের কথা বললেন অনেক নাগরিক।
এসব বিষয়ে জোনায়েদ সাকি বলেন, গ্যাস-পানি-বিদ্যুৎ আলাদা কর্তৃপক্ষের হাতে থাকার কারণে অপচয় আর দুর্নীতির মাত্রা বহুগুণ বাড়ছে। তিনি মেয়র নির্বাচিত হলে নগর সরকার প্রতিষ্ঠা করে এই অবস্থার নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেবেন।