নগর সরকার না থাকায় অনেক সিদ্ধান্ত একা নেওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর সরকার না থাকায় সিটি করপোরেশন অনেক সিদ্ধান্ত একা নিতে পারে না। এ জন্য কেডিএ, ওয়াসা, টিঅ্যান্ডটি, কেএমপিসহ নগরকেন্দ্রিক সব সেবাদাতা প্রতিষ্ঠানের আরও সমন্বিতভাবে কাজ করা দরকার। পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও জনমতই পারে খুলনা নগরকে আরও সুন্দর করতে।
এই অভিমত খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মো. মনিরুজ্জামানের। গতকাল শুক্রবার এক নাগরিক সংলাপে তিনি আরও বলেন, খুলনা সিটিতে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে সব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার উদ্যোগে নগরের একটি অভিজাত হোটেলে এই সংলাপের আয়োজন করা হয়। ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক নগর কর্তৃপক্ষ, টেকসই উন্নয়নের অন্যতম শর্ত’ শীর্ষক এই সংলাপে মেয়র বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানা প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো পুনঃখনন করা হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজব্যবস্থার জন্য মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন পুকুরের পাড় বাঁধাইয়ের জন্যও প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মেয়র বলেন, নগরের ময়ূর নদের পাশের লিনিয়ার পার্কটি ব্যবস্থাপনার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এ ছাড়া শহীদ হাদিস পার্কের আগের শহীদ মিনার ও গান্ধী পার্কের একটি রেপ্লিকা দ্রুত করা হবে। আধুনিকায়ন করা হবে রূপসা ট্রাফিক মোড় থেকে ঘাট পর্যন্ত এলাকা। এ জন্য টেন্ডারও হয়ে গেছে।
ফুটপাতের কাঁচাবাজার উচ্ছেদ, নতুন খেলার মাঠ ও পার্ক স্থাপন, ট্রেড লাইসেন্স ফি কমানো, রাস্তাঘাট মেরামতসহ নানা বিষয়ে মেয়রকে প্রশ্ন করা হয়।
সনাকের স্থানীয় সরকারবিষয়ক উপকমিটির আহ্বায়ক এ কে হিরুর সভাপতিত্বে ও সনাকের সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন সনাকের ভারপ্রাপ্ত সভাপতি রোজী রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সংবাদপত্রের প্রতিনিধি, সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।