প্রশাসনের বিকেন্দ্রীকরণ, দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত নগর গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাসদ-সমর্থিত মেয়র প্রার্থী নাদের চৌধুরী। গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে নাদের চৌধুরী তাঁর নির্বাচনী ইশতেহারে এসব অঙ্গীকার করেন।
ইশতেহারে নাদের চৌধুরী বলেন, ‘বিভক্ত সিটি করপোরেশন নয়, নাগরিক সেবা নিশ্চিত করতে চাই নগর সরকার।’
নাদের চৌধুরী ইশতেহারে নাগরিকদের অধিকার, প্রাণ-প্রকৃতি ও পরিবেশ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতিচর্চা ও বিনোদন, জবাবদিহি ও নাগরিক তদারকি, দুর্নীতি ও চাঁদাবাজি রোধ, নগর কর্তৃপক্ষের আয় বৃদ্ধিসহ উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
নাদের বলেন, ‘আমি ঢাকার সন্তান। আমি নির্বাচিত হলে নগরপিতা নয়, নগরের সন্তান হিসেবেই সেবায় সচেষ্ট থাকব। স্বপ্নের ঢাকা গড়ে তোলার জন্য আমি আপনাদের কাছ থেকে সব প্রকার সহযোগিতা কামনা করছি এবং ঢাকাবাসীর কাছে আমার নির্বাচনী প্রতীক “ময়ূর” মার্কায় ভোট কামনা করছি।’
এ সময় জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ শিরীন আখতার, সহসভাপতি মীর হোসাইন আখতার, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।