নগর স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটানা অবরোধে রংপুর নগরের অবস্থা স্বাভাবিক হলেও মহাসড়কে যানবহান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
অবরোধের শুরু থেকে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে তেমন কোনো অসুবিধা না হলেও গতকাল শনিবার ভোর থেকে অটোরিকশা ও ভটভটি চলাচল অনেক কমে গেছে।
এর কারণ গত শুক্রবার রাতে নগরের মহাসড়কের হাজিরহাট, ধাপ ইসলামবাগ, দর্শনা মোড়, শুঁটকি বাজার, মডার্ন মোড়, ধর্মদাস, দমদমা সেতু, সাতমাথা, তিনমাথা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের গাড়ি না চালানোর জন্য অবরোধকারীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে গতকাল থেকে অটোরিকশা চলাচল অনেক কমে গেছে।
নগরের মাহিগঞ্জ এলাকার রফিকুল ইসলাম প্রতিদিন মহাসড়কে অটোরিকশা চালান। অবরোধেও অটো চালানো থামাননি তিনি। রফিকুল বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যার পর পার্কের মোড় এলাকায় একদল যুবক অটো আটকিয়ে হুমকি দেয়। তাই আর মহাসড়কে গাড়ি নিয়ে যাইনি।’
নগরের সিও বাজার এলাকা থেকে হাজিরহাট অটো নিয়ে চলাচল করেছেন শেখ নিয়ামত আলী। তিনি বলেন, ‘ভাইরে, শহরের মধ্যেই ভালো। শহরের বাইরোত গেইলে এলা ভয় লাগে কখন কী ঘটি যায়।’
অবরোধ চলাকালে গত পাঁচ দিনের ব্যবধানে রংপুর নগরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নগরের মহাসড়কের বিভিন্ন স্থানে যেকোনো যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রিকশা, রিকশাভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচলে বাধার সম্মুখীন হতে হচ্ছে। রিকশার চাকার হাওয়া ছেড়ে দেওয়া, মোটরসাইকেল ও অটোরিকশাকে লক্ষ৵ করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাও ঘটছে। আচমকা ঢিল ছুড়ে মারার ঘটনাও ঘটছে।
অবরোধ উপেক্ষা করে প্রতিদিনের মতো পীরগাছা থেকে শহরে মোটরসাইকেল করে যাওয়া-আসা করেন ব্যবসায়ী এরশাদুল হক। গতকাল বেলা ১১টার দিকে শহরের মাহিগঞ্জ কলেজ এলাকায় হঠাৎ একটি ঢিল এসে পড়লে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন।
এদিকে নগরের ভেতর প্রধান সড়কসহ পাড়া-মহল্লায় অবাধে চলছে হালকা যানবাহন। কোনো বাধা-প্রতিবন্ধকতা নেই। ব্যাংক-বীমায় লেনদেন হচ্ছে স্বাভাবিক। অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম চলছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। নগরের চিত্র দেখে বোঝার কোনো উপায় নেই যে অবরোধ চলছে।
লোকজনের অভিযোগ, কখনো চোরাগুপ্তা হামলা, আবার কখনো আকস্মিক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ, র্যাব ও বিজিবির গাড়ির টহল দেখলে তারা সটকে পড়ে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এত বড় এলাকায় পুলিশের সার্বক্ষণিক টহল দেওয়া অনেকটা কষ্টকর ব্যাপার। এর পরও শহরতলির আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।