নগর স্বেচ্ছাসেবকদের সংগঠিত করতে হবে
নগরের স্বেচ্ছাসেবকদের একই ছায়াতলে সংগঠিত করতে হবে এবং তাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যদি তাঁদের আরও গতিশীল করা যায়, তাহলে নানা দুর্যোগে তাঁরা দারুণ ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়া স্বেচ্ছাসেবকদের ডেটাবেইস তৈরি করলে তাঁদের কাজে লাগাতে সুবিধা হবে। নগর স্বেচ্ছাসেবীদের প্রাতিষ্ঠানিকীকরণ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আজ বুধবার সকালে প্রথম আলোর উদ্যোগে ও সোশ্যাল অ্যান্ড ইকোনমি এনহেন্সমেন্ট প্রোগ্রাম সেভ দ্য চিলড্রেনের সহায়তায় এই গোলটেবিল বৈঠক রাজধানীতে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সেন্টার ফর আরবান স্টাডিসের সভাপতি নজরুল ইসলাম বলেন, বর্তমানে ৩০ শতাংশ মানুষ নগরবাসী, এটা ৫০ শতাংশ হয়ে যাবে। নগর স্বেচ্ছাসেবকদের সংগঠিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্পৃক্ত করতে হবে। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বেচ্ছাসেবকদের সম্মানিত করার কথা বলেন তিনি। এ ছাড়া সবাইকে নিয়ে স্বেচ্ছাসেবী বাহিনী তৈরির প্রতি গুরুত্ব দেন তিনি।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, গুণাবলির দিক থেকে আমরা বাঙালিরা বরাবরই মানুষের পাশে দাঁড়াতে অগ্রগামী। বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আমরা অনেক এগিয়ে; যা অনেক জাতির মধ্যে কম। এ দেশে কোনো বিপদ এলে মানুষ দলে দলে এগিয়ে আসে। আমাদের দেশে অনেক স্বেচ্ছাসেবক আছে, তাদের একটি ছায়াতলে আনতে হবে। এ জন্য আমাদের মন্ত্রণালয় কাজ করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ নগরের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দেন। প্রশিক্ষণ দিলে স্বেচ্ছাসেবকেরা আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, অন্যান্য দেশে অনেক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে মানুষের পাশে দাঁড়ায়। আমাদের দেশে এটি তৈরি করতে হবে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, এখন সময় এসেছে স্বেচ্ছাসেবকদের সংগঠিত করার। তাঁরা কীভাবে কাজ করবেন, তার প্রশিক্ষণ দেওয়া থাকলে যেকোনো দুর্যোগে তাঁরা ভালো ভূমিকা রাখতে পারবেন। তাতে সময়ও কম লাগবে। কোনো স্থানে ফায়ার সার্ভিস পৌঁছাতে সময় লাগে। এতে যদি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা ভূমিকা রাখে তাহলে ফায়ার সার্ভিসের কাজ সহজ হয়। প্রশিক্ষণের জন্য ফায়ার সার্ভিসের অবকাঠামো বিনা মূল্যে ব্যবহারের কথাও জানান এই মহাপরিচালক।
গোলটেবিলে সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটির পরিচালক রিফাত বিন সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সিপের উপনির্বাহী পরিচালক তহমিনা জেসমিন মিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষক গওহার নঈম ওয়ারা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালক আহমাদুল হক প্রমুখ বক্তৃতা করেন। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।