নগরকান্দা উপজেলা লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত দুজন শনাক্ত হওয়ার পর ফরিদপুরের নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়েছে। সোমবার রাত নয়টার দিকে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার প্রথম আলোকে বলেন, নগরকান্দা উপজেলা আপাতত অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ দিনে যদি অবস্থার উন্নতি না হয়, পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এ বি এম মহিউদ্দিন আহমেদ বলেন, নগরকান্দাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণার বিষয়টি রাত নয়টার দিকে তিনি জানতে পেরেছেন।
এদিকে সোমবার নগরকান্দা উপজেলায় দুজন করোনায় সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অপরজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হবে।