নগরকান্দা ও কুয়াকাটা পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্থগিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে পুনঃভোট গ্রহণ গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
একই দিন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার স্থগিত ৮ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রেও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নগরকান্দার নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে লিয়াকত হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে খাদিজা বেগম নির্বাচিত হয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী রায়হানউদ্দীন মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রের মোট ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন।
তাই ভোটাররা শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট দেন।
নগরকান্দা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ৭৯৪ জন ভোট দিয়েছেন।
পটুয়াখালীর কুয়াকাটায় পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী সিকদার ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।