নগরকান্দা ও পিরোজপুরে আহত ১৭, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সংঘর্ষে গত মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১৫ জন এবং ঝালকাঠি সদর উপজেলায় হামলায় দুজন আহত হয়েছেন।
এর মধ্যে নগরকান্দায় সংঘর্ষে বিজয়ী চেয়ারম্যানের ভাইসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর বাড়িসহ ছয়টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত ৪ জুনের নির্বাচনে নগরকান্দার চর যশোরদী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান। পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কামরুজ্জমান মঙ্গলবার বিকেল চারটার দিকে কুমারদিয়া গ্রামে নিজ বাড়িতে তাঁর সমর্থকদের নিয়ে সভা করেন। ওই সভায় তাঁর সমর্থকেরা অভিযোগ করেন, বিজয়ী প্রার্থীর সমর্থকেরা তাঁদের কটাক্ষ করে নানা ধরনের অপমানমূলক কথা বলেন। সভায় সিদ্ধান্ত হয়, অপমান বা কটাক্ষ করা হলে তার জবাব দিতে হবে।
ওই সভা শেষ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি যাওয়ার পথে কুমারদিয়া গ্রামে বিদ্রোহী প্রার্থীর দুই সমর্থক আলাউদ্দিন বিশ্বাস (৫৫) ও লিয়াকত ফকিরকে (৪৫) মারপিট করে আহত করেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। এ খবর পেয়ে বিজয়ী চেয়ারম্যানের ভাই পলাশ তালুকদার (৩০) তাঁর নিজ গ্রাম দহিসাড়া থেকে কুমারদিয়া গ্রামে গেলে তাঁকেসহ তাঁর আরও সাত সমর্থককে পিটিয়ে আহত করা হয়।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সাতটার দিকে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জমান, তাঁর সমর্থক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) হারুণ অর রশিদের বাড়িসহ তাঁদের সমর্থকদের ছয়টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। হামলা ঠেকাতে এসে আহত হন আরও ছয়জন।
আহত পলাশ, লিয়াকতসহ পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন বলেন, এ ঘটনায় ক্যাপ্টেন (অব.) হারুণ অর রশিদ বাদী হয়ে মঙ্গলবার রাতেই দ্রুত বিচার আইনে নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুর রহমান, তাঁর ভাই পলাশসহ ৭২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এজাহারভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার কেওয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী নাসির জমাদ্দারের হামলায় নবনির্বাচিত সদস্য রাকিব উদ্দিনসহ (২৬) দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই রাতেই রাকিব উদ্দিন নাসির জমাদ্দার ও তাঁর ভাই মিলন জমাদ্দারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
রাকিব উদ্দিন অভিযোগ করেন, ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নাসির জমাদ্দার পরাজিত হন। এ কারণে তিনি তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় রাকিব ইফতারি কেনার জন্য পিপলিতা বাজারে যান। এ সময় নাসির জমাদ্দার ও তাঁর ছোট ভাই মিলন জমাদ্দার তাঁর ওপর হামলা করে কিলঘুষি দেন ও ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। এতে তাঁর বাঁ কান ও বাঁ হাতে জখম হয়। তাঁকে উদ্ধার করতে গিয়ে হায়দার আলী খান (৬৫) নামের এক ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।
নাসির জমাদ্দারের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।