নগরকান্দা ও পূর্বধলায় হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১৮-দলীয় জোট আজ শনিবার থেকে ২৪ ঘণ্টার এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিএনপি অর্ধদিবস হরতাল ডেকেছে। এদিকে, স্বেচ্ছাসেবক দল কাল রোববার সিলেট বিভাগের চার জেলায় এবং ১৮-দলীয় জোট কাল ও পরশু মৌলভীবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় ১৮-দলীয় জোট আজ ভোর ছয়টা থেকে কাল ভোর ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে। সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন, আওয়ামী লীগের সন্ত্রাস, নগরকান্দা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মারুফ হত্যার বিচার এবং নগরকান্দা হেফাজতে ইসলামের আমির মুফতি ইসমাতুল্লাহ আল কাসেমীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
অন্যদিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি। গত বুধবার অবরোধ কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা এবং ৩০১ জনের বিরুদ্ধে পুলিশের করা মামলার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
বগুড়ায় কাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট। বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে কাল রোববার সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলার আহ্বায়ক সামসুজ্জামান জামান জরুরি সভা করে গতকাল হরতাল এ ঘোষণা দেন।
কাল রোববার ও পরশু সোমবার মৌলভীবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট। অবিলম্বে প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে।
নরসিংদী: কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে নরসিংদীতে আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
দাউদকান্দি (কুমিল্লা): বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুমিল্লা-২ আসনের সাংসদ এম কে আনোয়ারের নিঃশর্ত মুক্তির দাবিতে কাল রোববার তিতাস উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।