নগরকান্দা বিএনপিতে কোন্দল তীব্র
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় এক নেতার বহিষ্কারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় দ্বিধাবিভক্ত বিএনপিতে কোন্দল তীব্র হয়েছে।গত ৩১ অক্টোবর যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের সদস্য পদ থেকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে নাজমুল তালুকদারকে বহিষ্কার করা হয়। নাজমুল তালুকদারের বাড়ি নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে। তিনি বর্তমানে সৌদি আরবে আছেন। গত মঙ্গলবার নগরকান্দা বিএনপি ও যুবদলের একাংশ এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বহিষ্কারের আদেশকে অভিনন্দন জানিয়ে এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দমিছিল করেছে। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান। অপরদিকে উপজেলা বিএনপি ও যুবদলের অপর অংশ গত বুধবার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন নগরকান্দা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুজ্জামান। তাঁরা এই বহিষ্কারাদেশের পেছনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদের হাত আছে বলে অভিযোগ করেন। তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান এবং শামা ওবায়েদকে নগরকান্দায় অবাঞ্ছিত ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের সংসদ নির্বাচনের সময় নগরকান্দা বিএনপিতে বিভক্তি দেখা দেয়। ওই নির্বাচনে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ও ভাই কে এম জাহাঙ্গীর হোসেন দলীয় মনোনয়ন চান। দল শেষ পর্যন্ত শামাকে মনোনয়ন দেয়। সেই থেকে উপজেলা বিএনপি শামার পক্ষে ও জাহাঙ্গীরের পক্ষে বিভক্ত হয়ে পড়ে।জাহাঙ্গীর পক্ষের সমর্থক নগরকান্দা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান বলেন, নাজমুল তালুকদার দলের জন্য কাজ করে পুরস্কৃত হওয়ার বদলে তিরস্কৃত হয়েছেন। শামা ওবায়েদ আগামী নির্বাচনে নাজমুলকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন, এ কারণে তিনি কেন্দ্রীয় নেতাদের প্রভাবিত করে এই বহিষ্কারে মদদ জুগিয়েছেন। এই অভিযোগ প্রত্যাখ্যান করে শামার পক্ষের নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান বলেন, শামা ওবায়েদ যুবদল করেন না। তিনি কীভাবে নাজমুলকে বহিষ্কারে মদদ দেবেন? উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম জাহাঙ্গীর রহমান বলেন, নাজমুল সংগঠনবিরোধী কোনো কাজ করেছেন বলে আমি শুনিনি। শামা ওবায়েদ বলেন, প্রশাসনের পাহারায় গত বুধবার নগরকান্দায় প্রতিবাদ হয়েছে। এতে বোঝা যায়, ওটি আওয়ামী লীগের বি-টিমের কাজ। তিনি বলেন, ‘বি-টিমের কথিত অবাঞ্ছিত ঘোষণাকে পাত্তা দিই না।