>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় পাকা সড়ক আছে ২১ দশমিক ৮ কিলোমিটার। এর সাড়ে ৬ কিলোমিটারের পিচঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।
১৯৯৯ সালে নগরকান্দা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এটি ‘গ’ শ্রেণির। এ পৌরসভায় ২৭টি পাকা রাস্তা আছে।
গত ২০ নভেম্বর সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর ওয়ার্ডে নগরকান্দা থানা থেকে উত্তর দিকের পাকা সড়কটির ১ কিলোমিটার অংশে অসংখ্য খানাখন্দ রয়েছে। স্থানীয় লোকজন বলেন, সড়কটি ৩ বছর ধরে ভাঙা। কিন্তু সংস্কার হচ্ছে না। সড়কটি দিয়ে হেঁটে যাতায়াত করাও কষ্টকর। এলাকার প্রতিবন্ধী আবদুল জলিল মিয়া বলেন, এই রাস্তা দিয়ে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি চালাতে খুব কষ্ট হয়।
একই এলাকার কলেজ রোডের দেড় কিলোমিটার ভাঙা ও এবড়োখেবড়ো। এক বছর ধরে এ সড়কে সংস্কারকাজ হয়নি। ওই এলাকার বালিয়া গ্রামের কৃষক রিপন মিয়া বলেন, ‘এ রাস্তার দিকে পৌরসভার কোনো নজর নেই।’ ২ নম্বর ওয়ার্ডে মীনার গ্রামের সড়কের আধা কিলোমিটার ভাঙাচোরা। এ এলাকার গৃহবধূ রুমা বেগম বলেন, পাঁচ বছর ধরে সড়কটি এভাবে আছে। একটু বৃষ্টি হলেই এটি পানিতে ডুবে যায়।
৪ নম্বর ওয়ার্ডের চৌমুখা এলাকায় সড়কটির ১ কিলোমিটার ২ বছর ধরে চলাচলের অনুপযোগী। ওই এলাকার কলেজছাত্রী জান্নাতি বেগম বলেন, রাস্তাটি তাঁদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। গাড়ি বা রিকশা কিছুই এ রাস্তা দিয়ে চলে না। তাঁদের হেঁটে চলাফেরা করতে হয়।
হরিসভা এলাকায় সড়কের আধা কিলোমিটার, ৩ নম্বর ওয়ার্ডের ১ কিলোমিটার ও একই ওয়ার্ডের কাসিমুল উলুম মাদ্রাসায় যাওয়ার সড়কটির আধা কিলোমিটার অংশ খারাপ। একই অবস্থা ৫ নম্বর ওয়ার্ডের খেয়াঘাটে যাওয়ার সড়কটির আধা কিলোমিটার অংশের। ৬ বছর ধরে এসব সড়কে কোনো কাজ করা হয়নি। একটু বৃষ্টি হলেই এতে পানি জমে যায়। পানি নামতেও অনেক সময় লাগে। তখন কাদাপানিতে তাঁদের বেশি ভোগান্তি পোহাতে হয়।
নগরকান্দা পৌরসভার সহকারী প্রকৌশলী মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, তিন বছর ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে পৌরসভার পাকা সড়কগুলো সংস্কারের কাজ চলছে। ৫ বছর মেয়াদি এ প্রকল্পের অধীনে প্রতিবছর ১ কোটি টাকা পাকা সড়কের সংস্কারের কাজে ব্যয় করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। পরে বাকি সড়কগুলোও সংস্কারের আওতায় আনা হবে।
পৌরসভার মেয়র রায়হান উদ্দিন মিয়া বলেন, এ পৌরসভার আয় খুব কম। এ কারণে কোনো প্রকল্প ছাড়া নিজস্ব আয় দিয়ে পৌরসভার পক্ষে সড়ক সংস্কার করা সম্ভব হয় না। তবে তাঁরা সড়ক সংস্কারের নানা উদ্যোগ নিচ্ছেন।