নগরকান্দা ভূমি অফিসের জায়গা দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগর-কান্দা উপজেলা ভূমি অফিসের জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণকারীরা দুই দিনের মধ্যে দখল ছেড়ে দেবে বলে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদকে আশ্বস্ত করেছেন জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক এ কথা জানান।ঈদের ছুটির সুযোগ নিয়ে ভূমি অফিসের প্রায় চার শতাংশ জায়গা দখল করে ১৪টি দোকান নির্মাণ করা হয়। অভিযোগ পাওয়া গেছে, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত। সংসদ উপনেতা সাজেদা চৌধুরী গত সোমবার দুদিনের সফরে তাঁর নির্বাচনী এলাকায় গেলে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তাঁকে জানানো হয়।এ ব্যাপারে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ভূমি অফিসের জায়গা দখল করে দোকান নির্মাণের ঘটনা নিয়ে সাংসদ এবং তাঁর পক্ষে এই সংসদীয় এলাকায় দায়িত্ব পালনকারী তাঁর ছেলে আয়মন আকবরের সঙ্গে গতকাল দুপুরে আমার বিস্তারিত আলোচনা হয়। আমি তাঁদের জানিয়েছি, ভূমি অফিস বা তার সীমানার কোনো অংশ ইজারা দেওয়ার বিধান নেই। তাই ওই জায়গা খালি করে দিতে হবে। আয়মন আকবর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছেলেদের অন্য কোনো খালি জায়গা ইজারা দেওয়ার অনুরোধ করেন। পরে সাজেদা চৌধুরী জানান, আগামী দুদিনের মধ্যেই ভূমি অফিসের ওই জায়গা খালি করে দেওয়া হবে।সাজেদা চৌধুরী গতকাল বিকেলে নগরকান্দার মনোহরপুর দাখিল মাদ্রাসায় সংবর্ধনা শেষে ঢাকা ফিরে আসেন।