নগরকান্দায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী মুরাদ হোসেন বিকুলকে দলীয় পদ থেকে অপসারণসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় কমিটি, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলা বাজারসংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মুরাদ হোসেন বিকুল নগরকান্দা পৌর যুবলীগের সভাপতি। তিনি পৌরসভা নির্বাচনে জগ প্রতীক নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র রায়হান উদ্দিন মিয়া নির্বাচনে অংশ নিয়েছেন। রায়হান উদ্দিন নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি।
গতকাল সকালে দলীয় কার্যালয়ে নগরকান্দা উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মুরাদ হোসেন বলেন, ‘বহিষ্কার করলে করবে। এ নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। বহিষ্কার করলেও আমার কোনো সমস্যা হবে না। এ নির্বাচনে আমিসহ তিনজন মেয়র পদে অংশ নিচ্ছি। ওরা দুজন (প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী) মিলে যে ভোট পাবে, আমি একাই সেই ভোট পাব। তবে গত ৬ মে পৌসভার মেয়র পদে উপনির্বাচনের মতো ভোট-কাটাকাটি বা বাইরের লোক এনে প্রভাব বিস্তার করা প্রশাসনকে ঠেকাতে হবে।’