নগরকান্দায় আটটি বাড়িতে ভাঙচুর, ২২ জন আহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রতিপক্ষ একজন ইউপি চেয়ারম্যানের বাড়িসহ আটটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। তাদের হামলায় ইউপি চেয়ারম্যানের পক্ষের ২২ জন আহত হয়েছে। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের বড় কাইচাল গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচনের পর থেকে কাইচাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিন্নাহ সরদারের সঙ্গে কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের দ্বন্দ্ব চলে আসছে। শনিবার বিকেলে কাইচাইল দক্ষিণপাড়ায় ফুটবল খেলার সময় কবির হোসেনের সমর্থক ফিরোজ মিয়ার ছেলে সালাউদ্দিনের (৯) সঙ্গে জিন্নাহ সরদারের সমর্থক মন্টু সরদারের ছেলে আরমানের (৮) হাতাহাতি হয়।এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে কবির ও তাঁর চাচা রায়হান মাতুব্বরের নেতৃত্বে কয়েক শ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জিন্নাহ সরদার ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা জিন্নাহ সরদারের বাড়িসহ আটটি বাড়িতে ভাঙচুর চালান। হামলায় জিন্নাহ সরদারের পক্ষের ২২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জিন্নাহ সরদার বলেন, ‘রোববার ভোরে কবির হোসেন ও তাঁর চাচা রায়হান মাতুব্বরের নেতৃত্বে তিন শতাধিক লোক আমার বাড়িসহ এলাকার আটটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।’ তবে অভিযোগ অস্বীকার করে কবির হোসেন বলেন, ‘আমি লোকজন নিয়ে হামলা করিনি। বরং আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম বলে কোনো হত্যার ঘটনা ঘটেনি।’ নগরকান্দা থানার ওসি আবদুল করিম বলেন, এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি।