নগরকান্দায় উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সালমা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৩৩ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা, মুঠোফোনসেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরকান্দা সদরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কাছে গাঙ্গজগদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নগরকান্দা থানায় ডাকাতির মামলা করা হয়েছে।ভাইস চেয়ারম্যান সালমা বেগম জানান, তাঁদের বাড়িতে একটি পাকা ঘর ও একটি দোচালা টিনের ঘর রয়েছে। শনিবার রাতে তিনি ও তাঁর মেয়ে ওই টিনের ঘরে এবং স্বামী আনিস সরদার পাকা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত দোচালা টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। তাদের কারও কারও মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। দাউদকান্দিতে লাঠির আঘাতে আহত ৫: শনিবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার ইটাখোলা গ্রামে ডাকাতি হয়েছে। ডাকাতের লাঠির আঘাতে পাঁচ ব্যক্তি আহত হন। গৃহকর্তা শরীফ সরকার (৩০) জানান, প্রায় ১৫ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পাঁচজনকে আহত করে ৫০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে যায়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।