নগরকান্দায় একজনকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের নগরকান্দায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভুবুকদিয়া বাজারের কাছ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহতের নাম মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫)। তিনি ডাঙ্গি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের মৃত মো. দলিলউদ্দীনের ছেলে।জাহাঙ্গীর মোল্লার মামা সদরপুর লখারকান্দি গ্রামের আবদুর রাজ্জাক মোল্লা বলেন, ‘বৃহস্পতিবার ইফতারের পর জাহাঙ্গীর আমার বাড়ি লখারকান্দি গ্রাম থেকে ডাঙ্গি নগরকান্দা গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে বের হয়। রাত নয়টার দিকে আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে জাহাঙ্গীরের লাশ মহাসড়কে থেকে উদ্ধার করা হয়।’ তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, নিহত জাহাঙ্গীরের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।