নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দার দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিপেটা, শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় পুলিশসহ ২৪ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ছাগলদী এলাকার রিপন তালুকদারকে (১৮) জুঙ্গুরদী এলাকার জসিম শেখ (৩০) মারধর করেন। পরে রিপনের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও টেম্পো মালিক সমিতির সভাপতি সেলিম তালুকদারের নেতৃত্বে একদল লোক জসিমকে পিটিয়ে আহত করে। এর জের ধরে সকাল ১০টা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তিন ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষের সময় ১৬টি টেম্পো ভাঙচুর করা হয়। এ ছাড়া সৈয়দ আলী মুন্সির ইটের ভাটার সামনে একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ ঠেকাতে এসে নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন, দুই উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও শাহ আলম এবং কনস্টেবল মো. মজিদ (২৩) আহত হন। পরে ফরিদপুর থেকে দুই প্লাটুন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে ছাগলদীর মো. শহীদকে (২২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নগরকান্দায় দুই প্লাটুন দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।