নগরকান্দায় দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গি গ্রামের বাসিন্দা সাদিপুর উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ভবতোষ চন্দ্র শীল ও তাঁর ভাই বিজয়কৃষ্ণ শীলের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে।ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে এক লাখ ২০ হাজার টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাইমদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সাত-আটজন ডাকাত প্রথমে ভবতোষের বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।তারা পিস্তল, দা, রামদাসহ বিভিন্ন অস্ত্রের মুখে ভবতোষ ও তাঁর স্ত্রীকে বেঁধে ছয় ভরি ওজনের স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা নিয়ে যায়। শব্দ শুনে পাশের বাড়ি থেকে ভবতোষের ভাই বিজয় দরজা খুলে বের হলে ডাকাতেরা সেই বাড়িতেও হানা দেয়। তারা ওই বাড়ি থেকে চার ভরি ওজনের গয়না ও ৪০ হাজার টাকা লুটে নেয়।নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।