নগরকান্দায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদরবেড়া গ্রামে আজ শনিবার সকালে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো জয় মণ্ডল (৪) ও বিজয় মণ্ডল (২)। তারা সদরবেড়া গ্রামের কালিপদ কর্ম্মকার ওরফে কালা চাঁন মণ্ডলের ছেলে। এদের মধ্যে জয় মণ্ডল স্থানীয় ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও কালিপদ কর্ম্মকারের প্রতিবেশী আবদুস সালাম মিয়া জানান, সকাল ১০টার দিকে বাড়ির উঠানে দুই ভাই খেলা করছিল। হঠাত্ ছোট ছেলে বিজয় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বিজয়কে উদ্ধার করতে গিয়ে জয়ও পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশু দুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা ১১টার দিকে পুকুরে লাশ দুটি ভেসে উঠতে দেখেন তাঁরা। পরিবারের সদস্যরা জয় ও বিজয়কে উদ্ধার করে দ্রুত তালমা উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। দুপুর দুইটার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান আবদুস সালাম মিয়া।
এ বিষয়ে নগরকান্দা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নাজমুল হাসান বলেন, শিশু দুটি পানিতে ডুবে যায়। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।