নগরকান্দায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা থানায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। গজারিয়া এলাকায় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ও খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। হানিফ পরিবহনের বাসটি ৩৯ জন যাত্রী নিয়ে নড়াইলের লোহাগড়া হয়ে ঢাকা যাচ্ছিল।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী দিগন্ত পরিবহনের চেকার মো. রবিউলের ভাষ্য, হানিফ পরিবহনের বাসটি দ্রুতগতিতে একের পর এক কয়েকটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় বাসে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
ভাঙ্গা ফায়ার ব্রিগেডের রেজাউল হকের তথ্যমতে, দুর্ঘটনায় চালকসহ বাসের ১২ জন ও কাভার্ড ভ্যানের চালক নিহত হন। বাসের আহত যাত্রীদের ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হতাহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে নগরকান্দা থানার ওসি এ এস এম নাসিম প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।