নগরকান্দায় সংঘর্ষে আহত ৫৭গ্রেপ্তার ২১
পূর্বশত্রুতার জের ধরে এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারপট্টি গ্রামে গত মঙ্গলবার তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের ৫৭ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় দলাদলি শুরু হয়। গত সোমবার এস্কেন্দারের পক্ষের জিলু শেখকে ওমর মাতুব্বরের পক্ষের জুয়েল, সজীব ও মামুন মারধর করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জিলু শেখকে মারধরের জের ধরেই গত মঙ্গলবার সংঘর্ষ বাধে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটার দিকে দুই পক্ষের কয়েক শ লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি ব্যবহার করা হয়। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের ৫৭ জন আহত হয়। কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে মো. হজরত, লুৎফর, শফিকুল, মো. রইচ, বাতেন মোল্যা, ওমর মাতুব্বর, মাহাবুব, বাবলু, সালমান ও শাহীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বেলা দুইটা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।