নগরকান্দায় সংঘর্ষে ৪৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাইককান্দি গ্রামে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ৪৪ জন আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোদালীয়া শহীদনগর ইউনিয়নের পাইককান্দি গ্রামের সিদ্দিক মাতুব্বরের সঙ্গে সালেক মোল্লার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সালেক মোল্লার ভাগিনা সায়েদুর রহমান পাশের বনগ্রাম বাজারে গেলে সিদ্দিক মাতুব্বরের লোকেরা তাঁকে গালাগাল করেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে সিদ্দিক মাতুব্বরের সমর্থক রব সিদ্দিকীর সঙ্গে সালেক মোল্লার পক্ষের বাকী মোল্লার বচসা হয়। এর একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, সংঘর্ষে আহতদের মধ্যে ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মো. রফিক (৪৫) ও শাহ আলমকে (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।নগরকান্দা থানার ওসি রামপ্রসাদ ভক্ত জানান, এ ঘটনায় দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।