নগরকান্দায় সুবিধাভোগী বাছাইয়ে স্বজনপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের জন্য নির্বাচিত প্রতিটি গ্রাম থেকে ৬০ জনকে মনোনীত করার কথা। কিন্তু গ্রামটি যেহেতু উপজেলা চেয়ারম্যান ও তাঁরই সহোদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের, তাই ওই গ্রামের তালিকাভুক্ত ৬০ জনের মধ্যে ৩২ জনই তাঁদের আত্মীয়স্বজন। তাঁদের বেশির ভাগ ব্যক্তিই আবার অবস্থাসম্পন্ন।ঘটনাটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামে। গ্রামের মনিরুজ্জামান সরদার উপজেলা পরিষদের চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের সহোদর বুলবুল সরদার। মনিরুজ্জামান জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বুলবুল সরদার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছে ফরিদপুরের নয়টি উপজেলার ৩৬টি ইউনিয়ন। প্রতিটি ইউনিয়নের পাঁচটি গ্রাম। প্রতি গ্রামে ৬০ জনকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিল গোবিন্দপুর নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের সে রকম একটি গ্রাম।খোঁজ নিয়ে জানা গেছে, বিল গোবিন্দপুর গ্রাম থেকে মনোনীতদের তালিকায় মনিরুজ্জামান ও বুলবুল সরদারের আপন চার ভাই রয়েছেন। তাঁরা হলেন সরদার বদিউজ্জামান, বাবুল সরদার, কুদ্দুস সরদার ও আশ্রাফুজ্জামান সরদার। সরদার বদিউজ্জামানের প্রায় ১০০ একর জমি রয়েছে। বাবুল সরদার অনেক ভূ-সম্পত্তির মালিক, ব্যবসা করেন, বিল গোবিন্দ স্কুলের পাশে চার বিঘা জমির ওপর প্রকল্প থেকে কাটা পুকুর নিজে ভোগদখল করেন। কুদ্দুস সরদার ভাঙ্গা কেএম কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, তাঁর স্ত্রী বিল গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আশ্রাফুজ্জামান সরদারের বিভিন্ন ধরনের ব্যবসা আছে। তিনি ঢাকায় থাকেন। এলাকায় খুব একটা আসেন না।তালিকায় সরদার বংশের আরও যাঁরা আছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য চেয়ারম্যানের চাচা হারুন সরদার, চাচাতো ভাই মোতালেব সরদার, এলেম সরদার, হলেম সরদার, শাহজাহান সরদার, আলম সরদার, ইদ্রিস সরদার, মোজাম সরদার, রুমান সরদার, বারেক সরদার, ফিরোজ সরদার, নজরুল সরদার, জিহাদ সরদার, দুলাল সরদার, আফজল সরদার, কামাল সরদার, জয়নাল সরদার, ইয়াকুব সরদার। তালিকায় চেয়ারম্যানের ভাতিজা আফজল সরদার ও কামাল সরদারের নাম দুবার এসেছে। আফজলের নাম একবার ২৮ নম্বরে আরেকবার ৫৯ নম্বরে। কামালের নাম একবার ২৯ এবং আরেকবার ৬০ নম্বরে এসেছে। কামালডাঙ্গি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া এলাকায় আর্থিক ও সামাজিকভাবে অবস্থাপন্ন সরদার পরিবারের ঘনিষ্ঠ যাঁরা তালিকায় স্থান পেয়েছেন, তাঁরা হলেন ছালাম মাতুব্বর, সরো শেখ, শাহজাহান মোল্যা, আহম্মেদ শেখ ও লালন শেখ।নগরকান্দা পল্লী উন্নয়ন কর্মকর্তা কল্লোল সরকার জানান, বিল গোবিন্দপুরের তালিকা স্থানীয় ইউপি চেয়ারম্যান করেছেন। কমিটি প্রাথমিকভাবে বাছাই করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল আলম জানান, তুলনামূলকভাবে দরিদ্রদের নিয়ে এ প্রকল্পটি হওয়ার কথা। অবস্থাসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য থাকা গ্রহণযোগ্য নয়।ইউপি চেয়ারম্যান বুলবুল সরদার দাবি করেন, যোগ্যদেরই তালিকায় রাখা হয়েছে। কে ভাই, কে ভাতিজা, তা বিবেচনায় রেখে কাজ করা হয়নি। উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার বলেন, বিল গোবিন্দপুর গ্রামের মোট জনগোষ্ঠীর ৬০ শতাংশই সরদার। সরদারদের বাদ দিয়ে সেখানে তালিকা করা সম্ভব নয়।