নগরকান্দায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যুর ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া এলাকায় গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানে আগুন লেগে ১৩ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে জেলা প্রশাসনের উদ্যোগে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন নগরকান্দার ইউএনও আবদুল আজিজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন, সহকারী পুলিশ সুপার ভাঙা হাইওয়ে থানার গোলাম মোহাম্মদ, ফরিদপুর জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক উষা রঞ্জন চক্রবর্তী, বিআরটিএর সহকারী পরিচালক আতিকুল ইসলাম ও ফরিদপুর দমকল বাহিনীর সহকারী পরিচালক এ বি এম মমতাজউদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এডিএম মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল রোববার বিকেলে গঠিত এ কমিটি কাজ শুরু করেছে। গতকাল বিকেল ও রাতে কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীর বক্তব্য নেওয়া হয়েছে। এ ছাড়া মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন। তিনি বলেন, এই কমিটিকে তিন দিনের মধ্যে অর্থাৎ কাল মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে হাইওয়ে পুলিশ। এই কমিটির অপর সদস্যরা হলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার গোলাম মোহাম্মদ, ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম ও নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, আজ সোমবার কমিটি গঠনসংক্রান্ত চিঠি পেয়েছি। শিগগিরই কমিটি কাজ শুরু করবে।