নগরকে নিরাপদ করে তোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোর বস্তিবাসীদের জন্য বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সব শ্রেণির মানুষের জন্য নগরকে নিরাপদ করে তোলার দাবি উঠেছে একটি নাগরিক সংলাপ থেকে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী এই সংলাপের সমাপনী দিনের ঘোষণায় দাবিগুলো তোলা হয়। সংলাপটি যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, আন্তর্জাতিক এনজিওগুলোর সংগঠন আরবান এনজিও ফোরাম, সেন্টার ফর আরবান রেজিলিয়েন্স, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরসহ আরও কয়েকটি বেসরকারি সংস্থা। চতুর্থবারের মতো আয়োজিত এই সংলাপের এবারের প্রতিপাদ্য ছিল ‘স্বাস্থ্যকর ও সহনশীল নগরের দিকে যাত্রা’।
দ্বিতীয় দিনের সংলাপে সমাপনী পর্বে ‘নগর ঘোষণা’ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি এস এম মাকসুদ কামাল। তিনি ঘোষণায় উল্লিখিত দাবিগুলোর সঙ্গে খসড়া গৃহায়ণনীতির বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি, নগরের পরিবেশদূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, গৃহকর্মী ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বীকৃতি প্রদান, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করাসহ আরও কয়েকটি দাবির কথা তুলে ধরেন। দুই দিনে পৃথক ছয়টি অধিবেশনে অংশগ্রহণকারীদের আলোচনা ও মতামতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে মানুষের নগরমুখী হওয়ার হার ছিল ৪ থেকে ৬ শতাংশ। বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্য এই হার আরও বেড়েছে। এ অবস্থায় সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর নগরব্যবস্থা গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই।
সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এমন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এনজিওগুলোর পক্ষ থেকে বলা হয় তারা বরাদ্দকৃত ১০০ টাকার মধ্যে ৬০ টাকা দুস্থদের কাছে পৌঁছায়। কিন্তু আমরা হিসাব করে দেখেছি, ৪০ টাকার বেশি যাচ্ছে না। অথচ তাদের সঙ্গে অনেকবার কথা হয়েছে যে তারা ৭০ টাকা পর্যন্ত দেবে। বরাদ্দকৃত টাকার সুফল যেন মানুষ পুরোপুরি পায়, সে ব্যাপারে আমি আবার তাদের মনোযোগ আকর্ষণ করছি।’
সমাপনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক কে জেড হোসেন তৌফিক, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদ উল্লাহ এবং অক্সফাম-বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার খালেদ হোসেন।