নগরকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে নবনির্বাচিত তিন মেয়র (বাঁ থেকে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আনিসুল হক, ঢাকা দক্ষিণের সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটির আ জ ম নাসির উদ্দিনকে শপথবাক্য পাঠ করান l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে নবনির্বাচিত তিন মেয়র (বাঁ থেকে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আনিসুল হক, ঢাকা দক্ষিণের সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটির আ জ ম নাসির উদ্দিনকে শপথবাক্য পাঠ করান l ছবি: বাসস

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে নবনির্বাচিত তিন মেয়রকে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়ে মেয়ররা নগরকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। খবর বাসসের।
২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাছির উদ্দিন নির্বাচিত হন।
মেয়রদের আগে তিন সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭৬ জন কাউন্সিলর শপথ নেন। তাঁদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন মেয়র অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ধরনের নাগরিক সমস্যার সমাধান করে সিটি করপোরেশনগুলোকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, তিনি ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত মেরামত এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দেবেন। তিনি বলেন, তাঁর বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের মতো সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তাঁকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, তিনি নগরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকারপ্রণীত ১৯৯৫ সালের মাস্টার প্ল্যান পর্যালোচনা করবেন। এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত বা বাতিল হয়নি। তাই এ নিয়ে আবার চিন্তাভাবনার সুযোগ রয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা: ঢাকার দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন গতকাল শপথ নেওয়ার পর দুপুরে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় মেয়রদের সঙ্গে দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।